ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের সময় উত্তেজনা প্রশমনে পিলখানায় প্রথমে গিয়ে গুলির মুখে পড়তে হয়েছিল বলে আদালতে সাক্ষ্যে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
২০০৯ সালের বিডিআর বিদ্রোহের সময় আলোচনার প্রস্তাব নিয়ে পিলখানায় সীমান্ত রক্ষা বাহিনীর সদর দপ্তরেও ঢুকেছিলেন সরকারি দলের সংসদ সদস্য নানক ও মির্জা আজম। তবে গুলির মুখে তাদের পড়তে হয়েছিল তার আগের দিন ২৫ ফেব্রুয়ারি।
বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও লুণ্ঠনের মামলায় সোমবার সাক্ষ্য দেন যুবলীগের ওই সময়কার চেয়ারম্যান নানক। আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে এদিন ছিলেন যুবলীগের ওই সময়কার সাধারণ সম্পাদক মির্জা আজমকেও, যিনি এর আগে সাক্ষ্য দিয়েছিলেন।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি জওয়ানরা বিদ্রোহ করার পরদিন সাদা পতাকা হাতে নিয়ে বিডিআর সদর দপ্তরে ঢোকেন নানক ও আজম। ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী নাম পরিবর্তন হওয়ায় তা এখন বিজিবি সদর দপ্তর।
নানক জানান, বিদ্রোহের পর প্রধানমন্ত্রী তাদের দুজনকে (নানক ও আজম) ডেকে পিলখানায় গিয়ে বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের পথ বের করতে বলেন।
“জীবনের ঝুঁকি নিয়ে আমরা পিলখানায় ঢুকি এবং সেখানে জওয়ানদের সমঝোতা করার জন্য মাইকে অনুরোধ করি। কিন্তু তারা অশ্লীল ভাষায় কথা বলে এবং গুলি করেন। তবে গুলি আমাদের গায়ে লাগেনি,” বলেন তিনি।
আসামি পক্ষের আইনজীবীর প্রশ্নের উত্তরে নানক জানান, বিদ্রোহীদের ছোড়া ওই গুলির জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।
নানক ও আজমের পদক্ষেপে বিদ্রোহীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বসেছিলেন। এছাড়া পিলখানার পাশের আম্বালা রেস্তোরাঁও বিদ্রোহীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়।
তবে যারা ওই আলোচনায় এসেছিল, তাদের নাম আগে থেকে নেননি বলে আদালতে জানান নানক। আসামি পক্ষের জেরায় তিনি বলেন, তাদের পক্ষ থেকে জওয়ানদের কাছে আলোচনার প্রস্তাব রাখা হয়েছিল।
সকাল সাড়ে ৯টায় আদালতের কার্যক্রম শুরুর পর নানক তার জবানবন্দি দেওয়া শুরু করেন। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
নানকের পর বিমানবাহিনীর উইং কমান্ডার (বর্তমানে চীনে বাংলাদেশের দূতাবাসে সহকারী সামরিক উপদেষ্টা) সৈয়দ ফকরুদ্দিন মাসুদ তার জবানবন্দি দেন। তাকে জেরাও করেন আসামি পক্ষের আইনজীবীরা।
এরপর ঢাকা মহানগর হাকিম মিনহাজুল মুনিরা জবানবন্দি শুরু করলেও তা অসমাপ্ত রেখেই বিচারক ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন।
ফকরুদ্দিন মাসুদ বিদ্রোহের সময় পিলখানার ওপর দিয়ে হেলিকপ্টার চালিয়েছিলেন। হাকিম মুনিরা আসামিদের জবানবন্দি নথিভুক্ত করেন।
পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হলেও ভেতরে এত হত্যাকাণ্ডের খবর আগে জানতেন না এবং আইন-শৃঙ্খলা বাহিনীসহ কোনো সংস্থাই এই খবর তাকে দেয়নি বলে জানান নানক।
সাক্ষ্য দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “কোনো সংস্থাই পিলখানার ভেতরের হত্যাকাণ্ডের খবর আমাদের জানায়নি। তবে পিলখানার বাইরে কিছু বেসামরিক লোক ও পুলিশ আহত হওয়ার খবর আগে পেয়েছিলাম।”
সাক্ষ্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী নানক দ্রুতলয়ে কথা বললে বিচারক জহুরুল হক তাকে আস্তে বলার অনুরোধ করেন। তিনি তখন প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ব্রিটিশ পদ্ধতিতে আদালত চলছে, মাননীয় মন্ত্রী দেখে যান, বিচার ব্যবস্থা কীভাবে চলছে।”
নানক আদালতে জানান, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় গোলযোগের খবর শোনার পর তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় ছুটে যান। এর আগে তিনি হুইপ মির্জা আজমকে ফোন করে যমুনায় যেতে বলেন।
বিদ্রোহের প্রথম খবর পাওয়ার পর প্রধানমন্ত্রীর বাসায় ঢোকার আগে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে তিনি ফোন করেননি বলে জানান প্রতিমন্ত্রী।
‘যমুনায় যাওয়ার পর আপনার মোবাইলে বারবার ফোন আসছিল। এই তথ্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে বলেছিলেন”- আসামি পক্ষের এই বক্তব্য নাকচ করেন তিনি।
বিদ্রোহ শুরুর পর ২৫, ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ সদস্য ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে জওয়ানদের দাবি-দাওয়া নিয়ে কথা হয়েছে কি না- আইনজীবীর এই প্রশ্নে নানক বলেন, শেখ সেলিমের সঙ্গে তার দেখা হয়নি। অন্য দুজনের সঙ্গে শুধু পিলখানার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২০১১ ঘ.
bdnews24