২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ইটভাটা দখল নিয়ে সংঘর্ষে আহত ৩০

সিলেট সদরে ইটভাটার দখল নিয়ে রোববার দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

সিলেট, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সদরে ইটভাটার দখল নিয়ে রোববার দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। টুকেরবাজারে এ সংঘর্ষে আহত ১০ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে রয়েছেন রিয়াজ উদ্দিন (৪০), সিরাজ মিয়া (৫০), আবুল কালাম (২৫), কাসিম আলী (২৩), দুলাল আহমদ (৩০), ইমাম উদ্দিন (৪০), গিয়াস উদ্দিন (৩০), আব্দুল মুমিন (৪৭), সিতারা বেগম (৫৫) ও রাজিয়া বেগম (৫০)। জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, গৌরীপুর ব্রিক ফিল্ড দখল নিয়ে গৌরীপুর গ্রামের রিয়াজ উদ্দিন ও ইমাম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপুরে ইমাম উদ্দিনের লোকজন রিয়াজ উদ্দিনকে ছুরিকাঘাত করে। পরে বিকালে রিয়াজ উদ্দিনের লোকজন সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, গত রমজান মাসেও ইটভাটা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে উভয়পক্ষ জালালাবাদ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.