২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতি পালিত

বিভিন্ন দাবিতে চট্টগ্রাম কাস্টমস হাউজে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতিতে বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ীরাও সমর্থন দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 11:06 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

বেনাপোল, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দাবিতে চট্টগ্রাম কাস্টমস হাউজে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতিতে বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ীরাও সমর্থন দিয়েছেন। তাই রোববার বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কাস্টমস ও বন্দরে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। এতে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরে কোনো মালামাল ওঠানামা কিংবা খালাস হয়নি। তবে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম কাস্টমসে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিরসনে সেখানকার সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা একাধিকবার কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেন। বৈঠকে অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধ করে কাস্টম হাউজে কাজের স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করেন কর্মকর্তারা। কিন্তু সেসব দাবি বাস্তবায়িত না হওয়ায় সিএন্ডএফ ব্যবসায়ীরা কর্মবিরতি করছেন। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিএন্ডএফ ফেডারেশন’র অন্তর্ভুক্ত বলে তারাও এতে সমর্থন দেন বলে জানান তিনি। কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আকবর হোসেন বলেন, কর্মবিরতি চলাকালে বেনাপোল কাস্টমস ও বন্দরে সকাল থেকে দুপুর পর্যন্ত সব ধরনের কাজকর্ম বন্ধ ছিল। এ সময় বন্দরে পণ্য ওঠানামা না হলেও দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.