কক্সবাজার, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার শহরতলির নুনিয়াছড়া এলাকা থেকে রোহিঙ্গা সন্দেহে ৫৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার মডেল থানা পুলিশ শনিবার সন্ধ্যায় এই অভিযান চালায়।
পুলিশ অবশ্য বলছে, আটক হওয়াদের মধ্যে কিছু সংখ্যক বাংলাদেশিও রয়েছে। এখনও তাদের চিহ্নিত করা যায়নি।
কক্সবাজার মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাহেদ আলম জানান, বিভিন্ন তথ্যের ভিত্তিতে শহরের উত্তর নুনিয়াছড়া ও আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। রোহিঙ্গা সন্দেহে ৫৪ জনকে আটক করা হয়েছে।
উত্তর নুনিয়াছড়া ও মধ্যম নুনিয়াছড়ার শফিকুর রহমান কোম্পানির কলোনি, নজির হোসেন কোম্পানি ও আবুল হাশেম কোম্পানির জালের ঘর এবং মধ্যম নুনিয়াছড়া কলোনি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা সাহেদ আলম আরো বলেন, আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়েছে। রাতে তাদের মধ্য থেকে বাংলাদেশিদের চিহ্নিত করা হবে। বাকীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৫৬ ঘ.
bdnews24