২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ দিন বন্ধ থাকবে ইলিশ ধরা

ইলিশ রক্ষায় ১১ দিনের জন্য সারাদেশে ইলিশ মাছ ধরা ও বিক্রি বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ রক্ষায় ১১ দিনের জন্য সারাদেশে ইলিশ মাছ ধরা ও বিক্রি বন্ধ থাকবে। চন্দ্রমাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। গত বছর সংশোধিত ‘মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন’ অনুযায়ী আশ্বিনী পূর্ণিমার দিন (৩০ সেপ্টেম্বর) এবং এর আগে ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময়ে ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ ও মজুদও নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্য করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত করে অভিযুক্তদের এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা গুণতে হবে। তবে এর পরে প্রত্যেকবার অপরাধের জন্য দ্বিগুণ হারে কারাদণ্ড ভোগ এবং জরিমানা দিতে হবে অভিযুক্তদের। মৎস্য অধিদপ্তরের ইলিশ ও জাটকা রক্ষা এবং জেলেদের পুনর্বাসন প্রকল্পের সহকারী পরিচালক ড. নির্মল চন্দ্র দাস শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগের আইনে প্রত্যেক বছর ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধের কথা উল্লেখ ছিল। “সংশোধিত আইনে এ বিধান পরিবর্তন করে আশ্বিন মাসের ভরা পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচ দিন করে ১১ দিন সময়কে ইলিশ ধরা বন্ধের জন্য নির্দিষ্ট করা হয়েছে।” সিদ্ধান্ত বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর ও উপকূলীয় জেলাগুলোর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান নির্মল চন্দ্র। বর্তমানে সারাদেশে প্রায় সাত হাজার বর্গকিলোমিটার জলসীমাকে ইলিশ প্রজনন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন এলাকায় ইলিশের আহরণ অন্য বছরের তুলনায় ভালো। আহরণ ভালো হওয়ায় ইলিশ রপ্তানি পরিস্থিতিও গত বছরের তুলনায় রেকর্ড পরিমাণ বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২৩ ঘ.