২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা ও গোমতী সেতুর সংস্কার সম্পন্ন

প্রাথমিক সংস্কার কাজ শেষ হওয়ার পর মেঘনা ও মেঘনা-গোমতী সেতু শনিবার খুলে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রাথমিক সংস্কার কাজ শেষ হওয়ার পর মেঘনা ও মেঘনা-গোমতী সেতু শনিবার খুলে দেওয়া হয়েছে। তবে আগামী নভেম্বর মাসে পরিপূর্ণ কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এরমধ্যে রক্ষণাবেক্ষণের জন্য প্রতি ১৫ দিন পরপর ছয়ঘণ্টা করে এ দুই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। শনিবার সকাল ৬টায় মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর জয়েন্ট এক্সপানশন ও হিঞ্জ বিয়ারিং মেরামত কাজ শেষ হয়। ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে এই মেরামত কাজ চলে। যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের সকাল ১১টায় মেঘনা-গোমতী সেতুর সংস্কার কাজ পরিদর্শন শেষে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, আমরা সাত দিনের মধ্যে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর সংস্কার কাজ শেষ করতে পেরেছি। সেনাবাহিনীর সদস্যরা রাতের ঘুম হারাম করে যেভাবে একটানা কাজ করেছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই। ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের ধারণা ছিল মেরামত কাজের সময় আরো বাড়ানো হবে। কিন্তু আমরা সময় বাড়াইনি। ঈদের আগে আর কোনো কাজ হবে না। ঈদের পরে নভেম্বরে পিলারের স্কাউরিংয়ের কাজ শুরু হবে। “এ দুই সেতুর মূল সংস্কার কাজ নভেম্বরে শুরু হবে। মূল কাজ শেষ হলে ১৫/২০ বছর সেতু দু’টির আর কোনো সমস্যা হবে না,” বলেন মন্ত্রী। তিনি বলেন, সেতু সংস্কারের পরিপূর্ণ কাজ করার জন্য বিকল্প সড়ক কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক ব্যবহার উপযোগী করে তোলা হবে। এছাড়া বর্ষা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ আগের মতোই চলবে বলে জানান মন্ত্রী। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল¬াহ আল কায়সার হাসনাত, সেতু সংস্কার কাজের প্রধান সমন্বয়কারী সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্নেল মো. রফিক উল্লাহ, লে. কর্নেল আসাদ, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (কুমিল্লা জোন) মফিজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর ১৩টি এক্সপানশন জয়েন্ট, ৫২টি হিঞ্জ বিয়ারিং ও মেঘনা সেতুতে ৩৬টি হিঞ্জ বিয়ারিং ও ৯টি এক্সপানশন জয়েন্টের স্টিলের প্লেটের ওপর রাবারের প্যাড বসানো হয়। সংস্কার চলাকালে গত এক সপ্তাহ (১ থেকে ৭ সেপ্টেম্বর) প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ দুই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩১ ঘ.