গাজীপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নাওজোড় মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, গাজীপুর সদর উপজেলার কড্ডা সেতুর পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় ছালছাবিল পরিবহনের একটি বাস চাপায় চানবানু (৭০) নামে এক বৃদ্ধা মারাত্মক আহত হন।
পরে তাকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চানবানুকে মৃত ঘোষণা করেন। চান বানু ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোবরাকোলা গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী।
এদিকে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার বড়বাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান সজিব পাল (৪০) নামে এক পোশাক শ্রমিক।
সজিব স্থানীয় মুনলাইট কারখানার শ্রমিক এবং ময়মনসিংহের হালুয়াট থানার ফনিয়া এলাকার প্রফুল্ল পালের ছেলে।
এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক চাপায় সাজেদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।
সাজেদুল নওগাঁর মান্দা থানার দাড়িয়ারপুর গ্রামের সামছুদ্দিন মোল্লার ছেলে। তিনি পরিবারসহ সদর উপজেলার লক্ষিপুরা এলাকায় থাকতেন।
তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাপসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭১০ ঘ.
bdnews24