রাজশাহী, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর মোহনপুরে একটি বাসের সঙ্গে হিউমেন হলারের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে।
শনিবার সকালে মোহনপুর উপজেলার বিদিরপুর এলাকায় রাজশাহী-নওগাঁ সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনায় আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মোহনপুর থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে বিদিরপুর এলাকায় রাজশাহী থেকে নওগাঁগামী বুলবুলি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজি হিউমেন হলারের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান পাঁচজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়,” বলেন তিনি।
হতাহতরা সবাই হিউমেন হলারের যাত্রী বলে পুলিশ জানিয়েছে। তবে কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।
ওসি বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩৯ ঘ.
bdnews24