২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস শনিবার

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস শনিবার। ‘সাক্ষরতা ও শান্তি’ প্রতিপাদ্য নিয়ে এবার সারাবিশ্বে দিবসটি পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস শনিবার। ‘সাক্ষরতা ও শান্তি’ প্রতিপাদ্য নিয়ে এবার সারাবিশ্বে দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে শনিবার ঢাকায় সরকারিভাবে শোভাযাত্রা, আলোচনা সভা এবং গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। বেসরকারি সংগঠনগুলোও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৫৯ দশমিক ৮২ শতাংশ। তবে প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়গামী শিশুদের ভর্তির হার ৯৯ দশমিক ৪৭ শতাংশ বলে দাবি করছে সরকার। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের ঘোষণা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, “এই সময়ের মধ্যে নিরক্ষতরা দূর করা সম্ভব হবে না। তবে আমরা একটি ট্র্যাকে পৌঁছাতে চাই।” প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৯২ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত থাকে এবং মিড-ডে মিল বিতরণ করা হয় এমন স্কুলে এই উপস্থিতির হার ৯৬ শতাংশ বলে জানান মোতাহার। শতভাগ লোক সাক্ষরতার আওতায় না আসার পেছনে আর্থিক সমস্যার বিষয়টি জড়িত বলে দাবি করেন প্রতিমন্ত্রী। পৃথিবীর সব দেশ থেকে নিরক্ষরতা দূর করতে ১৯৬১ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। পরে ১৯৬৫ সালের ৮-১৯ সেপ্টেম্বর ইউনেস্কোর উদ্যোগে ইরানের তেহরানে বিশ্ব সাক্ষরতা সম্মেলন হয়। এতে ৮০টি দেশের শিক্ষামন্ত্রী ও শিক্ষা বিশেষজ্ঞরা অংশ নেন। ওই সম্মেলনে প্রতিবছর ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের প্রস্তাব করা হয়। পরে ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে ঘোষণা করে ইউনেস্কো। ১৯৬৬ সালে ইউনেস্কো প্রথম দিবসটি উদযাপন করলেও ১৯৭২ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৯২০ ঘ.