চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা শহরে এক ছাত্রলীগ নেতার উপর হামলার পরদিন শুক্রবার বিএনপির জেলা যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুজন হামলায় আহত হয়েছেন।
দুই ঘটনার জন্য আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করলেও প্রত্যেক পক্ষই অভিযোগ অস্বীকার করছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কেদারগঞ্জ এলাকায় হামলা হয় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক রাজুর উপর।
এদিকে শুক্রবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান বুলা এবং দলের আলমডাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুর্বৃত্তের হামলায় আহত হন।
রাজু ও বুলাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদলের ছেলেরা রাজুকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে।”
রাজু জেলা শহরের ইমার্জেন্সি সড়কের আব্দুল লতিফের ছেলে।
বৃহস্পতিবারের হামলার পর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পরে হামলায় আহত ওয়াহেদুজ্জামান বুলা বলেন, “কারা হামলা করেছে তা আমরা জানি না। তবে কথিত ছাত্রলীগকর্মী রাজুর ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ছেলেরা জেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন দিয়েছে।”
শুক্রবারের হামলার পর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃস্পতিবার রাতে ছাত্রলীগকর্মী রাজুর উপর হামলার জের ধরে রাতেই ছাত্রলীগ কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এছাড়া কয়েকজন নেতার বাড়িতে হামলাও চালায়।
তিনি বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সকালে দলীয় কার্যালয়ে বিএনপি নেতারা আলোচনা করেন।
“বেলা সাড়ে ১২টার দিকে আলোচনা শেষে কার্যালয় থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রলীগ-যুবলীগকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে বিএনপি নেতাদের উপর ঝাঁপিয়ে পড়ে,” বলেন তিনি।
হামলায় ওয়াহেদুজ্জামান বুলার বাম হাতের তালুর মাঝ বরাবর কেটে গেছে বলে তিনি জানান।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান বলেন, বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতা রাজুকে কোপানো হয়। তবে, শুক্রবার বিচ্ছিন্নভাবে ঘটা কয়েকটি ঘটনার জন্য ছাত্রলীগ জড়িত নয়।
বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান বুলার ওপর হামলার ঘটনা পূর্ব শত্র“তার জেরে হতে পারে বলে তিনি জানান।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী বলেন, বৃহস্পতিবারের ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে। তবে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি।
শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৫৪৫ ঘ.
bdnews24