চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ এক নারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়া মোছাম্মৎ কানিজ ফাতেমা (২৪) কর্ণফুলী থানাধীন সৈয়দ আকবর হোসেনের মেয়ে।
বুুধবার রাতে নগরীর সদরঘাট এলাকার এমআর ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফাতেমার স্বামী জালাল আহমেদ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। এই সময় ঘরের দরজা বন্ধ থাকায় পুলিশ বাড়ির মালিকের উপস্থিতিতে ঘরে প্রবেশ করে।
পরে শয়ন কক্ষের টেবিল ও খাটের নিচ থেকে সচল অবস্থায় বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জালাল আহমেদ পালিয়ে গেলে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তারেক আহম্মেদ।
এ ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন/২০০১ এর ৩৫ ও ৫৫ ধারায় ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৮০২ ঘ.
bdnews24