২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবকের নতুন সদস্য ক্যাপ্টেন জুলফিকার

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সদস্য (প্রকৌশল) পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন নৌ-বাহিনীর ক্যাপ্টেন জুলফিকার আজিজ। তার চাকরি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সদস্য (প্রকৌশল) পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন নৌ-বাহিনীর ক্যাপ্টেন জুলফিকার আজিজ। তার চাকরি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এ নিয়োগ দেয়া হয়। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং প্রশাসন ক্যাডারের কয়েকজন কর্মকর্তার পদে রদবদল হয়েছে এদিন। এর আগে চবকের সদস্য (প্রকৌশল) পদে নৌ-বাহিনীর ক্যাপ্টেন এম খুরশীদ মালিককে নিয়োগ দেয়া হয়েছিল। তার ওই নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে প্রেষণে নিয়োজিত নৌ-বাহিনীর ক্যাপ্টেন একেএম ফারুক হাসানকে মূল কর্মস্থলে ফেরৎ পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন একই বাহিনীর ক্যাপ্টেন এম আশরাফুল হক। সেনাবাহিনীর মেজর আনোয়ারুল কবীরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (মেডিক্যাল স্টাডিজ) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিন জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে ড. রেজাউল বাসার সিদ্দিকী ও সুলতানা আফরোজকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং খান মো. নূরুল আমিনকে বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। নূরুল আমিনকে শিক্ষা মন্ত্রণালয়ে পদায়নের যে আদেশ দেয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ছাবিহা ইয়াসমিনকে একই মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে তাকে ইউএনও নিয়োগের জন্য খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করার আদেশটি বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৫৫ ঘ.