ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপপুরের পর দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গবেষণা প্রতিষ্ঠানের ছয়টি আধুনিক বৈজ্ঞানিক স্থাপনা উদ্বোধনের পর শেখ হাসিনা বলেন, “দেশের দক্ষিণাঞ্চলেও আমরা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করব।”
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সাভারের গণকবাড়ীতে পরমাণু শক্তি কমিশনে ‘৩ এমভি ট্যানডেম এক্রেলারেটরস ফ্যাসিলিটিজ’ এবং আরো পাঁচটি উচ্চ সংবেদনশীল বৈজ্ঞানিক স্থাপনা উদ্বোধন করেন।
প্রায় দু’শ কোটি টাকা ব্যয়ে এই ছয়টি স্থাপনা নির্মাণ করা হয়। এতে উচ্চ সংবেদনশীল পরমাণু প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে।
সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারমাণবিক শক্তি ব্যবহারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কেবল বিদ্যুৎ, শিল্প ও কৃষি উৎপাদন এবং আধুনিক চিকিৎসা সেবার সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য পারমাণবিক শক্তি ব্যবহার করতে চাই।”
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে যে সব দেশ বৈজ্ঞানিক গবেষণায় সাফল্য অর্জন করতে পারছে তারাই অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করছে। তাই বর্তমান সরকার গবেষণার ওপর জোর দিয়েছে।
উচ্চ সংবেদনশীল পরমাণু প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি সংযোজনের ফলে গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
বিজ্ঞানী ও গবেষকদের লাগসই প্রযুক্তি ও কৌশল উদ্ভাবন করে জনগণের প্রত্যাশা পূরণের আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরই রুশ সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় রূপপুরে ২০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য সেবার উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম ও রাজশাহীতে দু’টি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “পর্যায়ক্রমে দেশের সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।”
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখে মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণার ওপর জোর দিতে গবেষকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের বিজ্ঞানী, গবেষক, কৃষক, উদ্যোক্তাসহ সব শ্রেণী-পেশার মানুষকে একযোগে কাজ করারও আহবান জানান তিনি।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান দবিরুল ইসলাম, স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এ এস এম ফিরোজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৬০৬ ঘ.
bdnews24