চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) আট শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার রাতে বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার চক্রবর্তী বাদী হয়ে খুলশী থানায় মামলাটি করেন।
আসামিরা হলেন- ড. গৌতম দেবনাথ, ড. আলমগীর হোসেন, ড. লুৎফর রহমান, ড. গৌতম বৈদ্য দাশ, ডা. সুচন্দন, ডা. শুভাগত দাশ, এহসানুল হক, ডা. এমরান হোসেন ছাড়াও অজ্ঞাত নামা আরো দেড়শ ছাত্র।
উপ পরিচালক শংকর কুমার চক্রবতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বুধবার সকালে আমাদের জায়গায় একটি গবেষণাগার নির্মানের জন্য জায়গা পরিদর্শনে গিয়েছিলাম।”
“সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন আমাদের কর্মকর্তারা।”
ওই জায়গায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিশ্ব ব্যাংকের অর্থায়নে ফিল্ড ডিজিট ইনভেস্টিগেশন ল্যাব প্রতিষ্ঠা করার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে- কলেজ থেকে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হওয়ার পর এর সব স্থাবর ও অস্থারব সম্পত্তি বিশ্ববিদ্যালয়ের হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৪১০ ঘ.
bdnews24