জিয়া শাহীন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বগুড়া, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ ও রেলপথ মন্ত্রী আসবেন বলে বগুড়া রেল লাইনের পাশের অনেক অবৈধ স্থাপনা, মার্কেট ভেঙে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্টেশনে এসে মন্ত্রী ওবায়দুল কাদের যাতে কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নিতে পারেন তার জন্যই সারাদিন ত্রস্ত থাকতে দেখা গেছে রেলওয়ে কর্তৃপক্ষকে।
বুধবার সরজমিনে বগুড়া রেল স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে চলছে ধোয়ামোছার কাজ। ফতেহ আলী ব্রিজ থেকে তিন মাথা মোড় পর্যন্ত তিন কিলোমিটার রেল পথের দু’ধারে সেমিপাকা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। তুলে দেওয়া হয়েছে রেল লাইনের পাশের কোয়ার্টার কিলোমিটার জুড়ে গড়ে ওঠা ‘হঠাৎ মার্কেট’।
যাত্রীরা জানালেন, তাদের জীবনে তারা স্টেশনের এ অবস্থা দেখেননি।
বগুড়া রেল স্টেশন সুপারিনটেন্ডেন্ট বেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোর ছ’টায় মন্ত্রী ওবায়দুল কাদের বগুড়া হয়ে লালমনিরহাট যাবেন। তাই স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। অপরিচ্ছন্ন দেখে যদি মন্ত্রী প্রশাসনিক কোনো ব্যবস্থা নেন তাই আগে-ভাগেই সেসব পরিষ্কার করা হয়েছে।
স্টেশনের এই পরিচ্ছন্ন অবস্থা কতদিন থাকবে জানতে চাইলে একটু হেসে অন্যদিকে চলে যান এই রেল কর্মকর্তা।
স্টেশনের কানুনগো মোকাররম হোসেন বলেন, মন্ত্রী আসবেন বলে ফতেহ আলী ব্রিজ থেকে তিন মাথা পর্যন্ত রেল লাইনের পাশের তিন কিলোমিটারে গড়ে ওঠা অবৈধ সেমি পাকা স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
এ কারণে ‘হঠাৎ মার্কেট’ও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কিছু পাকা স্থাপনা ভাঙা সম্ভব হয়নি বলে জানান মোকাররম।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপরের নির্দেশ পেয়ে অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। আবার বসবে কিনা সেটা লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ই বলতে পারবে।
রেলযাত্রী বগুড়ার সোনাতলা উপজেলার আগনিয়ারতাইড় গ্রামের মোহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন, বগুড়া রেল স্টেশনের ঝকঝকে-তকতকে পরিবেশ যদি সারা বছর থাকত তাহলে ভাল হতো।
শহরবাসী জানায়, বগুড়া রেল স্টেশনের পাশে গড়ে উঠা ‘হঠাৎ মার্কেট’ এ প্রতিদিনি প্রায় ১৫ হাজার লোকের সমাগম হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২৫ ঘ.
bdnews24