২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষককে মারধর, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মেরে আহত করার অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মেরে আহত করার অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার টাঙ্গাইল মডেল থানায় প্রধান শিক্ষক আফছার আলীর মা মরিয়ম বেগমের করা মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলসহ ৬/৭ জনকে আসামি করা হয়। একইদিন হামলার প্রতিবাদে সম্মিলিত শিক্ষক সংগ্রাম পরিষদ মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদান এবং কর্মবিরতি পালন করেছেন। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণ করেন। বিদ্যালয় থেকে একটি মৌন মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন। এসময় শিক্ষক নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক শোয়াইব আহমেদ জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল খালেদ ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান। টাঙ্গাইল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন মামলা দায়েরের কথা স্বীকার করেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় স্কুলের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষক আফছার আলীকে পিটিয়ে মারাত্মক আহত করে সন্ত্রাসীরা। এতে তার চোয়াল কেটে যায় এবং কয়েকটি দাঁত ভেঙে যায়। পায়ে গুরুতর আঘাত পান। ওই রাতেই তাকে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪২ ঘ.