২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ক কেলেঙ্কারি‘চক্রে অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকও’

সংসদে শেখ সেলিমের বক্তব্যে সহমত পোষণ করে তোফায়েল আহমেদ ব্যাংকগুলোতে দলীয় বিবেচনায় পরিচালক নিয়োগের সমালোচনাও করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক কেলেঙ্কারির পেছনে কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও ব্যাংক কর্মকর্তাদের একটি চক্র জড়িত বলে দাবি করেছেন শেখ ফজলুল করিম সেলিম। বুধবার সংসদে তার সঙ্গে সহমত পোষণ করে আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে দলীয় বিবেচনায় নিয়োগের সমালোচনাও করেন। সারাদেশে ব্যাপক আলোচনার মধ্যে বুধবার সংসদেও হলমার্ক নিয়ে সরব হন সরকারি দলের সংসদ সদস্যরা। সেলিম বলেছেন, হলমার্ক কেলেঙ্কারির পেছনে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্য রয়েছে। এর দায়ভার সরকারের নয়। জড়িতদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান আওয়ামী লীগ সভাপতিম-লীর এই সদস্য। অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে তাকে (অর্থমন্ত্রী) বিব্রতকর কথা বলা থেকে বিরত থাকার পরামর্শও দেন সেলিম। সেলিমের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদও দাবি জানান, রাষ্ট্রায়াত্ত ব্যাংকের অর্থ লুটপাটের ঘটনা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই সরকার এর দায় থেকে অব্যাহতি পাবে। হলমার্কের বিরুদ্ধে নিয়ম ভেঙে সোনালী ব্যাংক থেকে ২ হাজার ৬৬৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এরপর সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এই কেলেঙ্কারির পর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখার সিদ্ধান্তও নেয়। সেলিম বলেন, সরকার এই কেলেঙ্কারির দায়-দায়িত্ব নিতে পারে না। এ ঘটনা বাংলাদেশ ব্যাংকের প্রথম নজরে আসে ২০১০ সালে। “তাদের (কেন্দ্রীয় ব্যাংক) এ নিরবতার পেছনে বাংলাদেশ বাংকের কোনো কোনো কর্মকর্তা জড়িত রয়েছে বলে মনে হয়। মন্ত্রণালয়ও তা জানে। ৪ হাজার কোটি টাকা লুট হয়ে গেলো- এটা দুঃখজনক,” যোগ করেন শেখ সেলিম। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই একটি চক্র এ কেলেঙ্কারি করেছে বলে দাবি করেন তিনি। শেখ সেলিম মনে করেন, একজনের কারণে এ কেলেঙ্কারি হয়নি। বাংলাদেশ ব্যাংক, মন্ত্রণালয়, সোনালী ব্যাংক কর্মকর্তারা- সব মিলিয়ে এ কাজ হয়েছে। “দোষ হয় শেখ হাসিনা সরকারের। দোষী যত বড়ই হোক, তাকে আইনের আওতায় এনে রিমান্ডে নিয়ে শাস্তি দিতে হবে।” বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে হলমার্কের ঋণ নেওয়ার বিষয়টি প্রকাশিত হয়। এর পর কেন্দ্রীয় ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশও করে। হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীরের নাম উল্লেখ করে সেলিম বলেন, “তিনি মোটেও নামকরা ব্যবসায়ী নন। “এই যে অরাজকতা, লুটপাট হলো তা ধরা পড়ল, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ক্রিমিনাল কেইস পর্যন্ত হয়নি। এটা ঠিক নয়।” তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সরকারি দলের এই সংসদ সদস্য বলেন, “তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করুন কারা এর সঙ্গে জড়িত; এই টাকা দেশে আছে না কি বিদেশে?” হলমার্কের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর এই বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর সাম্ú্রতিক বক্তব্যে দেশের জনগণ ‘আহত’ হয়েছে বলেও উল্লেখ করেন সেলিম। “ওনার (অর্থমন্ত্রী) বয়স হয়েছে বুঝি। কথাবার্তা কম বলা ভালো। এত বড় লুট হয়ে গেলো ওনার করার কিছু নেই। ৪ হাজার কোটি টাকা কোনো বড় টাকা নয়- ক্যামনে তিনি এ ধরনের বক্তব্য দেন? এ ধরনের কথা বলে সরকারকে বিব্রত অবস্থায় ফেলে দেন তিনি। “এক টাকা হোক, ১০ টাকা হোক; অর্থমন্ত্রীর কাছে এ টাকা বড় না হতে পারে। দেশের মানুষের কাছে এ টাকা অনেক বড়।” সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ নাকচের পর অর্থমন্ত্রী হলমার্কের নেওয়া ঋণের অর্থও ‘বেশি’ নয় দাবি করে তা নিয়ে ‘অযথা হৈ চৈ’ হচ্ছে বলে মন্তব্য করেন। হলমার্কের বিষয়টি তদন্তের ভার দুদকে না পাঠিয়ে অর্থ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ জানান সেলিম। সেলিমের এই বক্তব্যের সঙ্গে ‘সম্পূর্ণ একমত’ পোষণ করে তোফায়েল বলেন, দেশের অর্থনেতিক পরিস্থিতি যখন ভালো, তখনই এ ধরনের স্পর্শকাতর ঘটনা আবিষ্কার হল। “ব্যাংকিং খাত ও আর্থিক খাতের অবস্থা ভালো না হলে দেশের অবস্থাও ভালো হবে না। একটি ব্যাংক এক ব্যক্তির পেছনে এলসি’র নামে অনেক ব্যাংককে জড়িয়ে ফেলা হয়েছে। এর দায় সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় এড়াতে পারে না।” ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের এই সদস্য মনে করেন, ‘রাজনৈতিক বিবেচনায়’ পরিচালনা পর্ষদ গঠন করা হলে তা যে সবসময় ভালো হয় না- এর প্রমাণ এই ঘটনা। সংবাদ মাধ্যমকে এর জন্য দায়ী করা ঠিক হবে না। তোফায়েল প্রশ্ন রাখেন- যে লোকের ব্যাংকিং খাত পরিচালনার অভিজ্ঞতা নেই তাকে কীভাবে দায়িত্ব দেওয়া হয়? যথাযথ তদন্ত করে জড়িতদের শাস্তির সুপারিশ করেন তোফায়েল। “প্রকৃত ঘটনা তদন্ত করে, অডিট করে চিহ্নিত ব্যক্তিদের শাস্তি দিতে হবে। তা না হলে সরকারকে দায় নিতে হবে। উপদেষ্টার নামও এসেছে। ব্যাংকিং খাতে অনিয়ম হলে জনগণকে আমাদের জবাব দিতে হয়। এ বিষয়ে আমাদের সবার দায়দায়িত্ব রয়েছে।” সংশ্লিষ্ট শাখার ব্যাংক ব্যবস্থাপককে গ্রেপ্তারেরও জোর দাবি জানান তিনি। তোফায়েল আরো বলেন, কারা জড়িত তা বের করা হোক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঘটনা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই সরকার এর দায় থেকে অব্যাহতি পেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১৩৯ ঘ.