২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনৈতিক সম্পর্কের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

কক্সবাজারে ছাত্রীর সঙ্গে এক স্কুল শিক্ষকের অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে ছাত্রীর সঙ্গে এক স্কুল শিক্ষকের অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সদরের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাত সাংবাদিকদের বলেন, মঙ্গলবার তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। ছাত্রীর সঙ্গে অলক ভট্টাচার্যের অনৈতিক সম্পর্কের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। “বিদ্যালয় পরিচালনা কমিটি সভায় বসে অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিক প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবারই সেটি জানানোর কথা। কিন্তু তার আগেই ওই শিক্ষক এসে পদত্যাগ পত্র দিয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটি পদত্যাগ পত্র গ্রহণ করবে,” বলেন প্রধান শিক্ষিকা। অভিভাবকদের অভিযোগ পাওয়ার পর শনিবার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ। কমিটিকে মঙ্গলবার প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির আবদুল্লাহ মোহাম্মদ মনজুরুল করিম বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী স্কুল কর্র্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। শিক্ষক অলক স্কুলের কাছেই ঈদগাঁও বাজারের শফিক কলোনিতে থেকে শিক্ষকতা করতেন। এ সময় তিনি বিনে পয়সায় প্রাইভেট পড়ানোর প্রলোভন দেখিয়ে স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিভাবকদের অভিযোগে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.