বান্দরবান, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গিদের সহায়তা দেওয়ার অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলায় তিন জনকে আটক করেছে পুলিশ।
সদরের টিঅ্যান্ডটি পাড়া থেকে বুধবার বিকালে আটকরা হলেন আবদুল কাদের, তার স্ত্রী এবং তাদের বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ হোসেন।
আবদুল কাদেরের বাড়িতে এ অভিযানকালে ৬০টি জিহাদী বই উদ্ধার করা হয়।
আবদুল কাদের বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী। মোহাম্মদ হোসেন তার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি চালকলে কাজ করেন।
আলীকদম থানার ওসি মোহাম্মদ হোসাইন সাংবাদিকদের বলেন, গত শনিবার কক্সবাজারে আটক জামায়াতুল আরকান সদস্যদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে ওসি জানান।
তিনি সাংবাদিকদের বলেন, কক্সবাজারে আটকরা এর আগে আলীকদমের টিঅ্যান্ডটি পাড়ার আবদুল কাদের (প্রকাশ কাদের ডাক্তার), ছাবের মিয়া পাড়ার আহমদ সওদাগর, আলীমুদ্দিন পাড়ার আবুল হাসেম কোম্পানি এবং চৌমুহনী মসজিদের ভাড়াটিয়া বাসায় থেকেছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম সাংবাদিকদের বলেন, জঙ্গিদের সহায়তা দানের তথ্যের ভিত্তিতে এ তিনজনকে আটক করা হয়েছে।
গত শনি ও রোববার কক্সবাজার থেকে জেএমবি ও হুজির সাবেক সদস্য এবং বর্তমান জামায়াতে আরাকানের (মিয়ানমার) চার সদস্যকে আটক করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৬ ঘ.
bdnews24