২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুশাসনের ঘাটতির জন্য দায়ী জনপ্রশাসনে দক্ষতার অভাব’

দেশে সুশাসনের ঘাটতির জন্য জনপ্রশাসনে দক্ষতার অভাবসহ কয়েকটি বিষয়কে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সুশাসনের ঘাটতির জন্য জনপ্রশাসনে দক্ষতার অভাবসহ কয়েকটি বিষয়কে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “জনপ্রশাসনে দক্ষতার অভাব, মাঝে মধ্যেই দুর্বল আর্থিক ব্যবস্থাপনা এবং অনিয়ম দেশের সুশাসনের সার্বিক ঘাটতির মূল কারণ।” জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে সংসদ নেতা এও বলেছেন, “তবে এ কথা ঠিক যে, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়গুলো দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ এবং এর জন্য দীর্ঘমেয়াদী সমন্বিত ও শক্তিশালী প্রয়াস প্রয়োজন।” সরকার ইতোমধ্যে সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় অনেকগুলো পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান। প্রকৃত গণতন্ত্র ও সুষম সমাজ প্রতিষ্ঠায় সরকার কী কী কর্মসূর্চী নিতে চাচ্ছে তা জানতে চেয়ে ঝালকাঠি-১ আসনের সাংসদ বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরো বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে প্রকৃত গণতন্ত্র ও একটি সুষম সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী এ লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে।” দেশের উন্নয়ন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন ও বৈষম্যহীন সুষম সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সুশাসন ও প্রকৃত গণতন্ত্রের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, এ ধ্রুব সত্যটি বিবেচনায় রেখে ইতিমধ্যে প্রণীত সার্বিক উন্নয়ন পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় (২০১১-২০১৫) সুশাসন ও বৈষম্য নিরসনের বিষয়ে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। গণতন্ত্র শক্তিশালীকরণের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোর অপরিহার্য সংস্কার, জনপ্রশাসনে দক্ষতা বৃদ্ধি এবং শক্তিশালী দুর্নীতি দমন কৌশল গ্রহণপূর্বক ২০১০-২০২১ প্রেক্ষিত পরিকল্পনা ও পাঁচ বছর মেয়াদী ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সরকারের তৎপরতার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। সরকার প্রধান বলেন, দারিদ্র্য নিরসনের মাধ্যমে আয় বৈষম্য কমিয়ে আনা এবং সুবিধা বঞ্চিত ও বৈষম্যের শিকার বিভিন্ন জেলাসহ পিছিয়ে পড়া এলাকাগুলোর অর্থনৈতিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য রাজস্ব আইনের অধিকতর সংস্কার এবং কর প্রশাসনকে অধিকতর আধুনিকায়ন ও শক্তিশালী করা হবে। প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদে (২০১০-২০২১) মোট রাজস্ব আয় জিডিপির ২০%-এ উন্নীতকরণ, জাতীয় সঞ্চয় লক্ষ্যমাত্রা জিডিপির ৩৯.১% এবং অভ্যন্তরীণ বিনিয়োগ ৩৮% অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মানুষ এখন নির্বিঘেœ স্বতঃস্ফুর্তভাবে তাদের উৎসব-পর্বাদি পালন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এইচএ/১৮৫৪ ঘ.