২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যবিপ্রবি’র ২ শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত, সড়ক অবরোধ

বাসের ধাক্কায় বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

যশোর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসের ধাক্কায় বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। যশোর সদরের শানতলায় এ দুর্ঘটনায় নিহত মোহাম্মদ আলী সুমন (২২) ও আশরাফুস সিদ্দিকা শশী (২১) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শশীর বাড়ি খুলনার দৌলতপুরের ডিআইটি রোড এলাকায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাড়ে ছয় ঘণ্টা যশোর-খুলনা সড়ক অবরোধ করেছে। এছাড়া ১৫ থেকে ২০টি যানবাহন ভাংচুর করে। পরে শহরের দড়াটানায় এসে বিক্ষোভ করে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়াতুল ইসলাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসন দুর্ঘটনার জন্য দায়ী পরিবহন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিকাল ৪টার দিকে অবরোধ তুলে নেয় ছাত্ররা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রভাষক ড. জাভেদ হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার পরিবেশ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুমন ও দ্বিতীয় বর্ষের ছাত্রী শশী মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় যাচ্ছিলেন। শানতলা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ সাহা জানান, পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চালকসহ বাসটি আটক করা হয়েছে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৩০ ঘ.