ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির মাধ্যমে নেওয়া ঋণের অর্ধেক অর্থ পনের দিনের মধ্যে ফেরত দিতে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
এ সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
মঙ্গলবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক শেষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত সাংবাদিকদের বলেন, “এরই মধ্যে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে লেখা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। তিনি তা হাতে পেয়েছেন।’’
হলমার্ক গ্রুপকে সোনালী ব্যাংক ২ হাজার ৬৬৮ কোটি ৪০ লাখ টাকা ঋণ দিয়েছে। এর অর্ধেক ১ হাজার ৩৩৪ কোটি ২০ লাখ টাকা পনের দিনের মধ্যে ফেরত পেতে ব্যাংকের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছিলেন বাংকের পরিচালনা পর্ষদের সদস্য কাশেম হুমায়ুন।
প্রদীপ কুমার দত্ত বলেন, “আইনগত ব্যবস্থা নেওয়ার আগে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে নোটিশ দেওয়া হলো। এর মধ্যে ৫০ শতাংশ পরিশোধ না করলে ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় তিনি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালক যারা হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে জানান।
এক প্রশ্নের জবাবে সোনালী ব্যাংকের এমডি বলেন, হলমার্ক জালিয়াতি করে যে সময়কালে অর্থ তুলে নিয়েছে, সে সময়টি ব্যাংকের রূপসী বাংলা শাখা নিরীক্ষা করা হয়নি। ফলে এমনটি হয়েছে। নিরীক্ষা হলে এমন ঘটনা ঘটতো না।
তিনি বলেন, ‘‘হলমার্ক যে ৪৭ একর জমি জামানত হিসেবে দিয়েছে তা দুটি আলাদা কমিটি যাচাই-বাছাই করে দেখছে। তারপর এর মূল্য নির্ধারণ করা হবে। যদিও হলমার্ক গ্রপ বলেছে, তাদের ওই সম্পত্তির মূল্য ২ হাজার কোটি টাকা। তবে আমরা ইতিমধ্যে তাদেরকে আরো জামানত দিতে বলেছি। তারা রাজি হয়েছে।’’
হলমার্ক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের দুই দিনের মাথায় টাকা ফেরত চেয়ে চিঠি দিল সোনালী ব্যাংক।
ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের প্রায় ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে হলমার্ককে ঋণ দেওয়ার ক্ষেত্রে সোনালী ব্যাংকের অনিয়মের বিষয়টি উঠে এলে দুর্নীতি দমন কমিশন এর তদন্ত শুরু করে।
হলমার্ক গ্রুপের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সম্পৃক্ততার কথাও বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপ ওই অর্থ তুলেছে। তাদের সঙ্গে আরো পাঁচটি প্রতিষ্ঠান মিলে তুলেছে ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা।
এই ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতেও অর্থমন্ত্রীর কাছে সুপারিশ পাঠায়, যা নিয়ে মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক বিতর্কেও জড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২২৪০ ঘ.
bdnews24