২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট সঙ্কটশিক্ষকদের কর্মসূচি স্থগিত, অনড় শিক্ষার্থীরা

মন্ত্রীর আশ্বাসে শিক্ষকরা কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দিলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীর আশ্বাসে শিক্ষকরা কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দিলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। সোমবার মধ্যরাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে উপউপাচর্যের অপসারণ ও মামলা প্রত্যাহারের আশ্বাস পাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থী ও সাধারণ শিক্ষকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন বুয়েট শিক্ষক সমিতির প্রতিনিধিরা। এরই মধ্যে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাও তুলে নেওয়ার নির্দেশ দেন উপাচার্য এস এম নজরুল ইসলাম। কিন্তু বিকালে বুয়েট ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হলে তারা ক্লাসে ফিরবেন না। এর ঘণ্টাখানেক পর আলাদা সংবাদ ব্রিফিংয়ে শিক্ষকদের কর্মসূচি স্থগিত ও ক্লাসে ফেরার ঘোষণা আসে। শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী মেরিনা জাহান বলেন, “আমাদের এক দফা এক দাবি, ভিসি ও প্রো ভিসির অপসারণ। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।” “আমাদের যারা চুরির দায়ে মিথ্যা মামলা দেয়, আমাদের তাজা রক্ত দেখেও যাদের হৃদয়ে বিন্দুমাত্র কম্পনের সৃষ্টি হয় না- এই ক্যাম্পাস প্রাঙ্গণে তাদের অবস্থান আমাদের জন্য নিরাপদ নয় বলে আমরা বিশ্বাস করি।” শিক্ষামন্ত্রীকে বুয়েট ক্যাম্পাসে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রাঙ্গণে এসে আমাদের কথাগুলো শুনবেন এবং আমাদের আবেগ ও বাস্তবতা অনুধাবন করে সিদ্ধান্ত নেবেন।” অন্যদিকে শিক্ষক সমিতির বৈঠক শেষে সমিতির সভাপতি অধ্যাপক ড. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষকরা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। মজিবুর রহমান বলেন, তারা উপাচার্যের অপসারণের দাবি থেকে সরে আসেননি। আলোচনার মাধ্যমেই এ বিষয়টির সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা শিক্ষার্থীদের বিষয়। আগামীকাল শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিব আসবেন। তাদের সঙ্গে আলোচনা করেই একটি সমাধোনে পৌঁছানো যাবে বলে আমরা আশা করছি।” শিক্ষকরা নীতিগতভাবে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তিনি বলেন, “এর জন্য কিছু প্রস্তুতি লাগবে। অনেকদিন ক্লাস বন্ধ থাকায় নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে হবে। এ জন্য দুয়েক দিন সময় লাগবে।” বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক হুমায়ূন কবির সাংবাদিকদের জানান, শিক্ষাসচিব কামাল আব্দুল নাসের বুধবার বুয়েট ক্যাম্পাসে আসবেন বলে শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও আসতে পারেন। অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য এস এম নজরুল ইসলাম ও উপ উপাচার্য হাবিবুর রহমানের অপসারণ দাবিতে গত এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন বুয়েট শিক্ষকরা। পরে শিক্ষার্থীরাও সেই আন্দোলনে যোগ দেয়। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে এবার ঈদের ছুটি ঘোষণা করা হয় আগেভাগে। এরপর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। সোমবার মধ্যরাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বাড়িতে বুয়েটের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের শিক্ষা কার্যক্রমে ফেরাতে রাজি করান। রাত সোয়া ১১টায় বৈঠক শুরুর পর তা শেষ করে রাত সোয়া ১টার দিকে মিন্টো রোডের বাড়ির সামনে সাংবাদিকদের কাছে সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ও বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “প্রোভিসিকে আমরা প্রত্যাহার করে নেব। মামলাও দ্রুত প্রত্যাহার করা হবে।” এছাড়া বুয়েট প্রশাসনের বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ এসেছে সেগুলোর বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। উপাচার্য এস এম নজরুল ইসলাম মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুয়েটের শিক্ষক সমিতি ও শিক্ষামন্ত্রীর বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে তিনি মামলা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। উপাচার্য ও উপউপাচার্যের কার্যালয়ে হামলা, ভাংচুর, ৩ লাখ টাকা চুরি ও নথি তছনছের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা ওই দুটি মামলায় ৪৯ জন শিক্ষক-ছাত্রের নাম উল্লেখ করে প্রায় একশ জনকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৬৪৫ ঘ.