ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সচিব পদে আরো চারটি রদবদল করা হয়েছে। এদের মধ্যে একজন সচিবকে অন্য মন্ত্রণালয়ে বদলি এবং দুইজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে ভারপ্রাপ্ত সচিবের মর্যাদায় কর্মরত অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিককে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। একই পদে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউনুছুর রহমানকে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস অবসরে যাওয়ার পর নতুন সচিব আবু বকর সিদ্দিক ওই পদের দায়িত্ব নেবেন বলে সরকারি আদেশে বলা হয়েছে।
ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহকে শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
একইদিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ পদে নিয়োগ পেয়েছেন সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী।
এছাড়া একইদিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় পূর্ণ সচিব করা হয়।
এদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামসুদ্দিন আজাদ চৌধুরীকে ঢাকার বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮০৯ ঘ.
bdnews24