ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তকে কেন্দ্র করে দেশে ডিএনএ নমুনা পরীক্ষা করা যায় না বলে র্যাবের ‘বক্তব্য’ প্রত্যাখ্যান করেছে জাতীয় ডিএনএ পরীক্ষাগার।
ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি কার্যক্রমের জাতীয় কারিগরি উপদেষ্টা অধ্যাপক শরীফ আখতারুজ্জামান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় ডিএনএ নমুনা পাঠাতে পারে। কিন্তু তারা এটা বলতে পারে না যে আমরা এই পরীক্ষা করতে পারি না।”
সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যারহস্য ভেদ করতে ওই বাড়িতে কারা কারা ছিল, তা সনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে র্যাব।
বাংলাদেশে এই পরীক্ষা হয় না বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে র্যাব কর্মকর্তাদের উদ্ধৃত করে বিভিন্ন সংবাদপত্রে ছাপা প্রতিবেদনে বলা হয়েছে। তার প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকে জাতীয় ডিএনএ পরীক্ষাগার।
অধ্যাপক শরীফ বলেন, “ওই মন্তব্য পরীক্ষাগার সম্পর্কে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে, যা অনাকাঙ্ক্ষিত।”
“আমরা পুরো পচে যাওয়া মৃতদেহের সম্পূর্ণ ডিএনএ প্রোফাইলিং করতে সক্ষম”, দাবি করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীগুলোই যদি এটা না জানে তাহলে আমরা ওই পরীক্ষাগুলো কীভাবে করব।”
অধ্যাপক শরীফ জানান, আইন ও বিচারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই বাংলাদেশে এই পরীক্ষাগার থাকার বিষয়ে জানে এবং ২০০৬ সালে এর কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত ১ হাজার ৮৩২টি ঘটনায় ৬ হাজার ৪৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, ওই ঘটনাগুলোর মধ্যে ৬৮২টি পিতা-মাতার পরিচয়, ৯৪৯টি ধর্ষণ, ১২৮টি খুনর, ১৪টি পরিচয়, ২৩টি অভিবাসন, ৭টি সহোদর সংক্রান্ত ও ২৯টি কিডনি প্রতিস্থাপন বিষয়ে ছিল।
বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিদেশি মিশনগুলোর জন্য ডিএনএ প্রোফাইলিং করতে ডেনমার্কের সহায়তায় সরকার ঢাকা মেডিকেল কলেজে এই পরীক্ষাগার স্থাপন করে।
অধ্যাপক শরীফ বলেন, এখন পর্যন্ত তারা রক্ত, মুখগহ্বরের কোষ, রক্তের দাগ, টিস্যু, হাড়, দাঁত, চুল, মাটি, অস্ত্র, চিরুনি, জুতা, প্লাস্টিক ব্যাগ, কাগজের ব্যাগ, জন্মনিরোধক দ্রব্য ও প্লাস্টিকের বোতলের নমুনা পরীক্ষা করেছেন।
তিনি ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে বিচার পাওয়ার কয়েকটি উদাহরণও সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
“আমরা সাবেক ডিআইজির সাত শিশু যে সহোদর নয় তা নির্ণয় করতে বিচার বিভাগকে সহায়তা করেছি। একটি ফিলিপিনো জাহাজের হারিয়ে যাওয়া নাবিককে খুঁজে পেতে আমরা সহায়তা করেছি।”
বিডিআর বিদ্রোহের পর চারটি বিকৃত মৃতদেহ সনাক্তও জাতীয় ডিএনএ পরীক্ষাগার করেছে বলে জানান অধ্যাপক শরীফ।
“এমনকি বিদ্রোহের সময় নিহত কর্নেল গুলজার উদ্দিন আহমেদের লাশ সনাক্ত করার সময় র্যাব আমাদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখত।”
র্যাবের মুখপাত্র এম সোহায়েল গত ২৪ অগাস্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে ডিএনএ ল্যাব ও বিদেশি ল্যাবের পরীক্ষার মানের পার্থক্য আছে।
“ওগুলো (বিদেশি ল্যাব) তুলনামূলক ভালো,” বলেন তিনি।
তবে ডিএনএ নমুনা পরীক্ষায় যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে ব্যবহৃত প্রযুক্তি এবং দেশের পরীক্ষাগারে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনো পার্থক্য নেই বলে দাবি করেন অধ্যাপক শরীফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24