২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষককে জুতা নিক্ষেপ, প্রতিবাদে স্কুলে তালা

নোয়াখালীতে এক সালিশ বৈঠকে শিক্ষকের দিকে জুতা ছুঁড়ে মারার প্রতিবাদে শিক্ষার্থীরা স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে এক সালিশ বৈঠকে শিক্ষকের দিকে জুতা ছুঁড়ে মারার প্রতিবাদে শিক্ষার্থীরা স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে। সোমবার সদর উপজেলার রামভল্লবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে স্কুলে বিক্ষোভ মিছিল করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, স্কুলের একটি দীঘি নিয়ে গত ২০ বছর ধরে পাশের নুরনবী মাস্টারের সঙ্গে বিরোধ চলছে। শনিবার বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের মধ্যস্থতায় সালিশ বসে। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরনবী মাস্টারের ছেলে হাবিবুর রহমান মামুন (৩২) স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ চৌধুরীর গায়ে জুতা ছুঁড়ে মারে। এ সময় হট্টগোলের মধ্যে সালিশ শেষ হয়ে যায়। শিক্ষার্থীরা আরো জানায়, শিক্ষককে জুতা ছুঁড়ে মারার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের তালা খোলা হবে না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ চৌধুরী বলেন, সালিশের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কিংবা শ্রেণিকক্ষে তালা দেওয়ার সঙ্গে শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই। ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সালিশে শিক্ষকে জুতা ছুঁড়ে মারার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীঘি নিয়ে বিরোধ অনেক পুরনো। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৬ ঘ.