২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাই কোর্টের রায়ের সমালোচনা সংসদে হতে পারে না’

আদালতের রায় নিয়ে আলোচনা না করার কথা সংসদের কার্যপ্রণালী বিধিতে রয়েছে তুলে ধরে স্পিকারের রুলিং নিয়ে রায়ে সংসদ উত্তপ্ত হবে না বলে আশা করছেন ড. এম জহির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায় নিয়ে আলোচনা না করার কথা সংসদের কার্যপ্রণালী বিধিতে রয়েছে তুলে ধরে স্পিকারের রুলিং নিয়ে রায়ে সংসদ উত্তপ্ত হবে না বলে আশা করছেন ড. এম জহির। সংসদ অধিবেশন শুরুর একদিন আগে সোমবার সুপ্রিম কোর্টের এই আইনজীবী এক প্রেস ব্রিফিংয়ে এই আশা প্রকাশ করেন। মঙ্গলবার নবম সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হচ্ছে। এক বিচারকের বক্তব্যকে কেন্দ্র করে স্পিকারের রুলিং নিয়ে হাই কোর্টের রায়ের প্রতিক্রিয়া ওই দিন সংসদ সদস্যদের মধ্য থেকে আসবে বলে ইঙ্গিত রয়েছে। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের আপিলের আবেদন দায়েরের পর এবং এ নিয়ে চেম্বার বিচারপতির আদেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জহির। বিচার বিভাগ ও সংসদের চলমান বিতর্কের সমাধান কোথায়- প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার কথা হচ্ছে, মুখটা চুপ রাখেন। রাখলে আপনিই এটা ঠিক হয়ে যাবে।” স্পিকারের সমালোচনা করে হাই কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা প্রশমনে দুই মাস আগে একটি রুলিং দেন স্পিকার আবদুল হামিদ। স্পিকারের ওই রুলিং চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন হলে আদালত এর রায়ের পর্যবেক্ষণে বলেছে, স্পিকারের ওই রুলিং ভিত্তিহীন ও আইনগতভাবে অকার্যকর। আদালতের এই অভিমতের সমালোচনায় মুখর রয়েছেন ক্ষমতাসীন দলের দুই সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও তোফায়েল আহমেদ। সুরঞ্জিত ইঙ্গিত দেন, সংসদ বসলে এ নিয়ে অধিবেশন উত্তপ্ত হতে পারে। তবে এম জহির বলেন, সংসদ সদস্যরা কার্যপ্রণালী বিধি মেনে চললে সংসেদে কোনো উত্তেজনা দেখা দেবে না। সংসদের কার্যপ্রণালী বিধির ৬১ ধারা উল্লেখ করেন তিনি। এতে বলা হয়েছে, বিধি অনুযায়ী কোনো মুলতবি প্রস্তাব উত্থাপনের অধিকার নিম্নবর্ণিত সীমাবদ্ধতাসমূহের দ্বারা নিয়ন্ত্রিত হইবে: প্রস্তাবে বাংলাদেশের যে কোনো অংশের আওতাভুক্ত কোনো আইন-আদালতের সম্মুখে বিচারাধীন কোনো বিষয় সম্পর্কে কিছু বলা হইবে না এবং প্রস্তাবে বাংলাদেশের রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টেরও কোনো বিচারকের আচরণ সম্পর্কে কটাক্ষ থাকিবে না। জহির বলেন, “স্পিকারের রুলিং নিয়ে হাই কোর্ট রায় দিয়েছে। এই রায় সম্পর্কেও আমিও মন্তব্য করতে পারি না। কারণ ইতোমধ্যে আপিল বিভাগে সরকারপক্ষ এই রায়ের বিরুদ্ধে আবেদন করেছেন। “তাই কার্য প্রণালী বিধি অনুসারেই তারা এ বিষয়ে আলোচনা করতে পারেন না। আমি তাদেরকে আলোচনা না করতে বলছি না, সেটা বলতেও পারি না। আমি কেবল আশা প্রকাশ করতে পারি।” বক্তব্যের শুরুতে প্রেস ব্রিফিংয়ের যৌক্তিকতা ব্যাখ্যা করে এই আইনজীবী বলেন, “আমি একজন সচেতন নাগরিক হিসাবে, ৫০ বছরেরও বেশি সময় ধরে আইন পেশায় নিয়োজিত একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসাবে এই ব্রিফিং করছি।” জহির বলেন, “স্পিকার রুলিংয়ে বলেছেন, যা আমাদের হাই কোর্টের রায়েও উল্লেখ আছে যে, ‘রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে রয়েছে ৪০ বছর ধরে গড়ে উঠা গভীর সম্প্রীতি ও আস্থার সম্পর্ক। আমি একজন সংসদ সদস্য হিসাবে এবং স্পিকার হিসাবে সবসময় বিশ্বাস করি, রাষ্ট্রের তিনটি অঙ্গ আইন, বিচার ও নির্বাহী বিভাগ একে অপরের পরিপূরক এবং প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন।” “স্পিকারের এ কথাটি রক্ষা হবে যদি সংসদ সদস্যরা এ বিষয়ে আলোচনা না করেন এবং আমাদের বিচারকরাও যদি ঠিকমতো কথা বলেন। আশা করি, সংসদ এবং আপিল বিভাগ এমন কিছু করবেন না যাতে আমরা নিরাশ হই,” বলেন জহির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৫১ ঘ.