কক্সবাজার, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদরে এক স্কুল ছাত্রীর সঙ্গে শিক্ষকের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক অলক ভট্টাচার্যের বিরুদ্ধে এ অভিযোগ করেন মেয়েটির বাবা।
অভিযোগ তদন্তে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাত পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) তদন্তপ্রতিবেদন দিতে বলা হয়েছে।
অভিযোগে বলা হয়, অষ্টম শ্রেণির এই মেয়েটির বাড়ি ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পেছনে। এই শিক্ষক বিনা পয়সায় প্রাইভেট পড়ানোর নামে আসা-যাওয়ার সুযোগে মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
তিনমাস পরে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে বলে অভিযোগে বলা হয়।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাত বলেন, অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর শনিবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩৯ ঘ.
bdnews24