সাভার, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার দুই দিন পর সাভারে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার হয়েছে। তার সারা শরীরে স্কচটেপ প্যাঁচানো রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মমিন সরকার (৭) সাভার পৌর এলাকার ২৮/২ গেণ্ডা মহল্লার এনামুল সরকারের ছেলে। সে সানরোজ প্রি ক্যাডেট স্কুলের নার্সারির ছাত্র।
সোমবার দুপুরে সাভারের ব্যাংকটাউন সেতুর নিচে কর্ণপাড়ার খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাংকটাউন সেতুর নিচে কর্ণপাড়া খালে এক শিশুর লাশ ভাসতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।
দুপুরে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়।
“শিশুটির মুখসহ সারা শরীর স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল,” বলেন তিনি।
পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি খালে ফেলে দেয় বলে ধারণা করছেন তিনি।
নিহতের বাবা এনামুল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শনিবার বিকালে বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় মমিন।
“বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন সাভার মডেল থানায় একটি জিডি করি,” বলেন তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএইচ/১৪০৮ ঘ.
bdnews24