২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর পক্ষে সাক্ষ্যগ্রহণ শুরু

দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় আসামি পক্ষের প্রথম সাক্ষী এক মুক্তিযোদ্ধা বলেছেন, তিনি জামায়াতে ইসলামীর এই নেতার যুদ্ধাপরাধের বিষয়ে কখনোই কিছু শোনেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় আসামি পক্ষের প্রথম সাক্ষী এক মুক্তিযোদ্ধা বলেছেন, তিনি জামায়াতে ইসলামীর এই নেতার যুদ্ধাপরাধের বিষয়ে কখনোই কিছু শোনেননি। ৬৮ বছর বয়সী শামসুল আলম তালুকদার রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তিনি জানান, ১৯৭১ সালে সাঈদীর গ্রামের বাড়ি পিরোজপুরের পারেরহাট মুক্ত হওয়ার পর তিনি সেখানে একরাত অবস্থান করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের ২০টি ঘটনায় সাঈদীকে অভিযুক্ত করেন ২০১১ সালের ৩ অক্টোবর। এরপর প্রসিকিউশনের সাক্ষীরা সাক্ষ্য দেন। ট্রাইব্যুনাল-১ এ নবনিযুক্ত বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সঙ্গে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের অন্য দুই বিচারক চেয়ারম্যান নিজামুল হক ও আনোয়ারুল হক শামসুলের সাক্ষ্য শোনেন। সুন্দরবন সাব-সেক্টরে মেজর জিয়াউদ্দিনের পরে বাহিনীর দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই মুক্তিযোদ্ধা জানান, সাঈদীর তৃতীয় সন্তান মাসুদ বিন সাঈদীর অনুরোধে তিনি সাক্ষ্য দিতে এসেছেন। তালুকদার ২০০২ ও ২০০৭ সাল সময়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এই মুক্তিযোদ্ধা বাগেরহাট পিসি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৪ সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন খুলনা শাখার সাংগঠনিক সম্পাদক হন এবং পরের বছর সাধারণ সম্পাদক হন। ১৯৬৭ সালে এই সাক্ষী ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য হন ও এক বছর পরে সহ সভাপতি হন। ১৯৬৯ সালে তালুকদার মওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগ দেন এবং ১৯৭০ সালের প্রাদেশিক নির্বাচনে অংশ নেন। শামসুল জানান, পারেরহাট অবস্থানের সময় স্থানীয়দের কাছ থেকে পাকিস্তানি সেনাবাহিনীর দালাল, রাজাকার ও শান্তি কমিটির নির্যাতনের বর্ণনা তিনি শোনেছেন। “কিন্তু আমি সাঈদী সম্পর্কে কিছু শুনিনি। সাঈদী এ ধরনের যুদ্ধাপরাধ করে থাকলে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে অবশ্যই তা আমার কানে পৌঁছত,” বলেন তিনি। তার জেরার সময় প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী পারেরহাট সফরের বিষয়ে তার দেওয়া বিবৃতির সঙ্গে মেজর জিয়াউদ্দিনের বর্ণনার ভিন্নতার বিষয়ে জানতে চাইলে শামসুল বলেন, “দুজন ব্যক্তি একই বিষয়ে অভিন্নভাবে বক্তব্য দেবেন, তার প্রয়োজন নেই।” এরপর প্রসিকিউটর বলেন, জামায়াত ও বিএনপি জোটবদ্ধ হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য সাঈদীর বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ চাপা দিতে তৎপর ছিলেন শামসুল তালুকদার। তবে সাক্ষী তা অস্বীকার করেন। এরপর প্রসিকিউটর বলেন, সাঈদীর ছেলে তাকে যেভাবে বলেছেন তিনি সেভাবেই সাক্ষ্য দিয়েছেন। শামসুল তালুকদার এটাও অস্বীকার করে বলেন, বিষয়টা মোটেই এরকম নয়, তিনি নির্জলা সত্য কথা বলেছেন। বিকাল সাড়ে তিনটায় তার জেরা শেষ হয় এবং তারপর বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের ১০ম সাক্ষীর জেরা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেআর/এইচএএইচ/২১৫৪ ঘ.