২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাচাই হবে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির সম্ভাব্যতা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানোর সম্ভাব্যতা যাচাই করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানোর সম্ভাব্যতা যাচাই করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ এসেছে। এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী বৈঠকে একটি প্রতিবেদন জমা দেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করা যায় কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে আগামী বৈঠকে কমিটিতে প্রতিবেদন দাখিলের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে। কমিটির সদস্য মো. বরকত উল্লাহ্ বুলু, এ বি এম গোলাম মোস্তফা, মো. আবু তালহা ও জাহানারা বেগম বৈঠকে অংশ নেন। এছাড়াও অফিস সহকারী/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের বেতন বৈষম্য দূর করা এবং সিলেকশন গ্রেড কার্যকর করার বিষয়েও পরীক্ষা-নিরীক্ষা করে একটি প্রতিবেদন দাখিলের সুপারিশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (মানব সম্পদ) ও কমিটির সচিব ভীম চরণ রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএএইচ/এএল/২০৪৯ ঘ.