চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকার বরিশাল বাজারের একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করার সময় একটি এলজি, এক রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের কার্তুজ, একটি চাপাতি এবং তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারী মো. টিপু (২০) ও জাকির হোসেন (২৫)।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা বরিশাল বাজারে এক পোশাক কর্মীর ঘরে জোর করে অবস্থান করছিল।
সেখান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
টিপু রমজান মাসে একটি চুরির মামলায় গ্রেপ্তার হলেও ক’দিনপর জামিনে মুক্তি পায়।
টিপু ও জাকিরের বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমএইচপি/১৩৩১ ঘ.
bdnews24