চাঁদপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পর আট বছরের এক শিশুকে চাঁদপুরের মেঘনা নদীতে ফেলে দেয় অপহরণকারী। প্রায় ছয় ঘন্টা পর সে এক জেলের জালে আটকা পড়ে জীবিত উদ্ধার হয়েছে।
শনিবার ভোরে চাঁদপুরের মতলব মোহনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
শিশু রাকিব হোসেনের বাবা ফরিদগঞ্জের ঘোড়াশালা পাটোয়ারী বাড়ির বাহরাইন প্রবাসী হাসিম পাটেয়ারী।
এ ঘটনায় অপহরণকারী জাফর হোসেকে (১৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টায় জাফর মোটা অংকের মুক্তিপণ আদায়ের আশায় শিশুটিকে অপহরণ করে চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি মিতালী লঞ্চে উঠে।
কিন্তু রাকিবের কান্নাকাটির কারণে রাত ১১টার দিকে মতলব মোহনপুর এলাকায় লঞ্চের পেছনে নিয়ে রাকিবকে মেঘনা নদীতে ফেলে দেয় জাফর।
ভোর ৪টার দিকে মতলব উত্তরের দক্ষিণ বোরোচর এলাকায় জাহাঙ্গীর বেপারী নামে এক জেলের জালে আটকা পড়ে শিশুটি। জাহাঙ্গীর দেখতে পায় রাকিব জীবিত। এ খবর চাঁদপুরের এক মাছ ব্যবসায়ী জানতে পারেন।
এদিকে রাকিব হারিয়ে গেছে বলে ফরিদগঞ্জ রূপসা বাজার এলাকায় মাইকিং শুনে ওই মাছ ব্যবসায়ী জেলে জাহাঙ্গীরকে এ খবর দিলে শনিবার রাত সাড়ে ৮টায় রাকিবকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) জাবেদ হোসেইন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহরণকারী জাফরকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে রাকিবের চাচা আলী হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩০২ ঘ.
bdnews24