ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন ও সমাজভিত্তিক অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখায় ‘আর্থ কেয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ভারতীয় সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়ার সৌজন্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ‘গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটিজ’ (জিইএফ) এ পদক দিয়েছে। জিইএফ গত ৩১ অগাস্ট এ পুরস্কারের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম ঘোষণা করে।
“দেশের তিনটি উপকূলীয় অঞ্চলে জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পে মাছ চাষ, খাদ্যশস্য চাষের জন্য সেচ এবং পতিত জমিকে চাষাবাদের উপযুক্ত করে বহুমুখী জীবিকার ব্যবস্থা করা হচ্ছে। এতে স্থানীয় পরিবারগুলোকে সম্পৃক্ত করা হচ্ছে।”
মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশগুলোর জন্য জিইএফ’র বরাদ্দ তহবিলের (এলডিসিএফ) আওতায় এক কোটি ডলার (৮২ কোটি টাকা) ব্যয়ে বরগুনা, ভোলা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতি হিসেবেই বাংলাদেশ এ পুরস্কার পেয়েছে বলে হাছান মাহমুদ জানান।
বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও দাতা সংস্থার সহযোগিতায় বিশ্বের ১৮২টি দেশে পরিবেশ ও জলবায়ু নিযে কাজ করে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫১০ ঘ.
bdnews24