২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নায়ক অনন্তের’ সংলাপে বুয়েট ভিসিকে ব্যঙ্গ

হালের ঢাকাই ছবি ‘খোঁজ দ্যা সার্চ’, ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’ আর ‘মোস্ট ওয়েলকাম’র অভিনেতা এম এ জলিল অনন্তের ‘সংলাপ’ এখন বুয়েটের উপাচার্য বিরোধী আন্দোলনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হালের ঢাকাই ছবি ‘খোঁজ দ্যা সার্চ’, ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’ আর ‘মোস্ট ওয়েলকাম’র অভিনেতা এম এ জলিল অনন্তের ‘সংলাপ’ এখন বুয়েটের উপাচার্য বিরোধী আন্দোলনে। টানা ৪৪ দিন বন্ধ শেষে খোলার পর শিক্ষকদের ক্লাস বর্জনে অচল বুয়েটে শনিবার শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নায়ক অনন্তের কিছু আলোচিত সংলাপ লেখা প্লাকার্ড দেখা যায়। সকালের মানবন্ধন ও বিক্ষোভ মিছিলের পর দুপুর ১টার দিকে উপাচার্য ও উপ-উপাচার্যের উদ্দেশ্যে লেখা এসব প্লাকার্ড নিয়ে ভিসি’র বাড়ির সামনে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। উপাচার্যের বাড়ি বেলা ৩টা পর্যন্ত ঘেরাও করে রাখে তারা। এসব প্লাকার্ডে লেখা ছিল “VC & Pro VC আর ইউ পোম (ফ্রম) গানা”, “VC & Pro VC ইউ ইট ফুড ইন বাংলাদেশ?” এবং “VC & Pro VC ইউ হ্যাভ টু রেস্পেক্টিং বাংলাদেশ”। প্রসঙ্গত ঈদের পরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে নায়ক এম এ জলিল ঢাকাই চলচ্চিত্রের নায়কদের সম্পর্কে মানুষজনের অবজ্ঞা বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। ওই অনুষ্ঠানে অনন্ত বলেন, কিছুদিন আগে তিনি তার স্ত্রীকে নিয়ে ঢাকার একটি রেস্তোরাঁয় খেতে গেলে সেখানে উপস্থিত এক ব্যক্তি তাকে দেখিয়ে সঙ্গীদের বলেন, “ওই দ্যাখ বাংলা ছবির হিরো’। তখন ওই ব্যক্তির উদ্দেশ্যে তিনি বলেন, “আর ইউ পোম (ফ্রম) গানা?”, “ইউ থিং বাংলা ছবি হিরো মিনস দে আর আনএজুকেটেড?”, “ইউ আর লিভিং ইন বাংলাদেশ, ওকে, ম্যান ইউ হ্যাভ টু রেস্পেক্টিং বাংলাদেশ, বিকজ ইউ আর ইটিং ফুড ফ্রম বাংলাদেশ”। ওই অনুষ্ঠানে অনন্তের এসব সংলাপ ‘ইউটিউব’ এবং ‘ফেইসবুক’সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা হাস্যরসের সৃষ্টি করে। বহু মানুষ এই ভিডিওটি ফেইসবুকে শেয়ার করেন। বিশেষত তরুণ-তরুণীরা চলচ্চিত্রের মতোই টেলিভিশন অনুষ্ঠানেও নায়ক অনন্তের ইংরেজি উচ্চারণ এবং বাচনভঙ্গি নিয়ে কৌতুকে মেতে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমএমআর/এএমটি/১৯২৪ ঘ.