শরীয়তপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সরদার হত্যাকাণ্ডে ৩৯ জনকে আসামি করে মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে মান্নান সরদার হত্যার একদিন পর শনিবারও ওই এলাকা ছিল থমথমে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বৃহস্পতিবার রাতে পৌর এলাকার পশ্চিম কোটপাড়া গ্রামে বাড়িতে হামলা চালিয়ে হত্যা করা হয় শরীয়তপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান সরদারকে। তাকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হন স্ত্রী-ছেলেসহ অন্তত ১৫ জন।
নিহতের স্ত্রী ফরিদা বেগম শুক্রবার আসামির তালিকায় ৩৯ জনের নাম উল্লেখ করে পালং থানায় একটি মামলা করেছেন। এতে শরীয়তপুর বাস-শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার ও সাধারণ সম্পাদক এলিম পাহাড়কে আসামি করা হয়েছে।
পালং থানার ওসি মো. রবিউল আলম সাংবাদিকদের বলেন, মামলার পর সুজন পাহাড়, নুর মোহাম্মদ পাহাড়, নুর ইসলাম পাহাড় ও দুলাল পাহাড় নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের ভাই আব্দুর রব সরদার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিকদের বলেন, “পুলিশ আমাদের কোনো সহযোগিতা করেনি। পুলিশ নিরব থাকায় আমার ভাইকে হত্যা করে সন্ত্রাসীরা বীর দর্পে চলে যায়।”
বৃহস্পতিবার রাতে শতাধিক ব্যক্তি র্যাবের পোশাক পরে মান্নানসহ ওই এলাকার কয়েকটি বাড়িতে হামলা চালায় বলে স্থানীয়রা জানায়। হত্যাকাণ্ডের পর পুলিশ এলেও তাদের সামনেই হামলাকারীরা আরো ভাংচুর চালিয়ে চলে যায় বলে আব্দুর রবের অভিযোগ।
ফরিদা বেগম মামলায় অভিযোগ করেন, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা তার স্বামীর কাছে চাঁদা দাবি করে আসছিল। বুধবারও ১ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। সে টাকা না দেওয়ায় হত্যা করা হয় মান্নান সরদারকে।
“ফারুক চৌকিদার, কবির চৌকিদার, নুরুল ইসলাম চৌকিদার, বাচ্চু বেপারীরা র্যাবের পোশাক পরে এসে হাত-পায়ের রগ কেটে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে,” বলেছেন ফরিদা।
মূল আসামিরা ঘটনার পর গা ঢাকা দিলেও মোবাইল ফোনে হুমকি দিয়ে যাচ্ছে বলে জানান মান্নানের ভাই।
তবে মান্নানকে হত্যার পেছনে জমি সংক্রান্ত বিরোধ ছিল বলে জানায় স্থানীয় কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, একটি জমি নিয়ে বাঘিয়া এলাকার ফজলুল হক মুন্সির সঙ্গে আওয়ামী লীগ সমর্থক শ্রমিক নেতা ফারুক চৌকিাদারের বিরোধ ছিল। মান্নানের সঙ্গে সখ্য ছিল ফজলুল হকের।
ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফারুক চৌকিদারের সর্মথক ও ফজলুল হক মুন্সির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই এক পর্যায়ে মান্নান খুন হন বলে স্থানীয়রা জানায়।
ফজলুল হক মুন্সিও বলেছেন, ওই বিরোধে তার পক্ষ নেওয়ায় মান্নানকে হত্যা করা হয়েছে।
একই পরিবারের শাহিন মুন্সি বলেন, “ফারুক চৌকিদার জোর করে জাল দলিল করে আমাদের জমি জবর দখল করতে চায়। বৃহস্পতিবার রাতে ফারুক চৌকিদার আমাদের মারার জন্যও হামলা চালায়। তবে না পেয়ে আমাদের বাড়ি ভাংচুর ও লুটপাট চালায়।”
শুক্রবার বিকালে বিসিক শিল্প নগরী মাঠে জানাজার পর মান্নানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় স্থানীয় সংসদ সদস্য বি এম মোজাম্মেল হকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারাও অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫১ ঘ.
bdnews24