নারায়ণগঞ্জ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বিয়ের খবর পেয়ে শুক্রবার দুপুরে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছরোয়ার হোসেন উপজেলার দুপ্তারা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে অভিযান চালান।
তিনি সাংবাদিকদের জানান, দুপুরে পশ্চিমপাড়া গ্রামে সেলিম মিয়ার ১২ বছর বয়সী মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী নিলুফার সঙ্গে পার্শ্ববর্তী কাঠালিয়া গ্রামের আব্দুল হকের ছেলে নাজমুলের (২৫) বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এই বাল্য বিয়ে বন্ধ করা হয়।
এ সময় বর-কনের অভিভাবকরা গা ঢাকা দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে এই বিয়ে আর হবে না মর্মে মুচলেকা দেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৪৭ ঘ.
bdnews24