সিলেট, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর চোরাবালিতে আটকে এক কলেজ ছাত্রের মত্যু হয়েছে।
নিহত হিমেল রাজ সঞ্জয় (১৭) মৌলভীবাজারের রানজিতচরা গ্রামের সনি নিবাসের ছেলে। তিনি সিলেট ব্রিটিশ ইন্টারন্যাশনার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পিয়াইন নদীর চোরাবালি থেকে তার লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা।
গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার ছয় বন্ধুর সঙ্গে জাফলংয়ে বেড়াতে আসেন সঞ্জয়। সন্ধ্যায় পিয়াইন নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে যান ছয় বন্ধু ।
“এ সময় তাদের চিৎকারে স্থানীয় পাথর শ্রমিকরা গিয়ে পাঁচজনকে উদ্ধার করতে পারলেও সঞ্জয়কে তুলতে পারেনি। শুক্রবার দুপুরে দমকল বাহিনীর কর্মীরা সঞ্জয়ের লাশ উদ্ধার করেন,” বলেন তিনি।
তিনি জানান, স্বজনদের আবেদন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়া সঞ্জয়ের লাশ পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩০ ঘ.
bdnews24