চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আন্দোলনরত মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ও কনস্টেবল মো. জাফর।
বুধবার সন্ধ্যায় তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার।
নাম প্রকাশ না করার শর্তে নগর পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ এবং তাদেরকে বেধড়ক পেটানোর কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া ওই ঘটনায় অন্য কোনো পুলিশ সদস্য সম্পৃক্ত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ছিল। এসময় পুলিশ সদস্যরা তাদের বাধা দেয় এবং তারা কর্মসূচি পালন না করে পার্শ্ববর্তী একটি বিপণী বিতানে আশ্রয় নেয়।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে আট জনকে আটক করে এবং বেশ কয়েকজনকে ব্যাপক মারধর করে।
এই ঘটনার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৩৮ ঘ.
bdnews24