২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডার্ড সিরামিককে ৩৯ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের একটি সিরামিক কারখানার ৩৯ লাখ টাকা জরিমানা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের একটি সিরামিক কারখানার ৩৯ লাখ টাকা জরিমানা হয়েছে। স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ওই কারখানাটি ১৯ বছর ধরে বেআইনিভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের ছয়দানায় স্থাপিত এ কারখানার কোনো বর্জ্য শোধনাগার বা ইটিপি নেই। ফলে কারখানার তরল বর্জ্য নিচু জমি হয়ে সবশেষে তুরাগ নদের পানিতে মিশছে। এ ঘটনা উদঘাটনের পর অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী মঙ্গলবার কারখানার ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশগত ক্ষতিসাধণের জন্য ক্ষতিপূরণ বাবদ ৩৯ লাখ টাকা জরিমানা করেন। এ বিষয়ে মুনীর চৌধুরী জানান, “১৯ বছর ধরে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানা চালানো কঠোর শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধ ক্ষমার অযোগ্য।” ইটিপি স্থাপন করে পরিবেশ ছাড়পত্র না নিলে কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৭৫৭ ঘ.