২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনদের ওপর হামলা, ইব্রাহিমের প্রতি সমন জারি

ঈদের দিন বিকেলে লিমন ও তার পরিবারের ওপর হামলার অভিযোগে র‌্যাবের কথিত সোর্স ইব্রাহিম হাওলাদারের প্রতি সমন জারি করেছে ঝালকাঠীর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঝালকাঠী, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন বিকেলে লিমন ও তার পরিবারের ওপর হামলার অভিযোগে র‌্যাবের কথিত সোর্স ইব্রাহিম হাওলাদারের প্রতি সমন জারি করেছে ঝালকাঠীর একটি আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠীর বিচারিক হাকিম শহিদুল ইসলাম সমন জারি করে আগামী ২৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ঠিক করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালতে লিমনের আইনজীবী মানিক আচার্য্য। এর আগে ওই হামলার ঘটনায় লিমনের মা হেনোয়ারা বেগমের দায়ের করা অভিযোগের প্রমাণ পাওয়ায় রাজাপুর থানা পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। ঈদের দিন বিকেলে গ্রামের বাড়ি ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া থেকে পিরোজপুর জেলার কাউখালীর ভাড়া বাড়িতে যাওয়ার পথে লিমন, মা এবং বড় ভাই সুমন ইব্রাহিমের হামলার শিকার হন। এ ঘটনায় লিমনের মা হেনোয়ারা বেগম ঘটনার রাতেই রাজাপুর থানায় ইব্রাহিমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তা সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে। অভিযোগের তদন্ত শেষে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে আসামির প্রতি সমন জারির প্রার্থনা করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমএইচপি/১৭৩২ ঘ.