গাজীপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চেহলাম মঙ্গলবার দুই পরিবারের পক্ষ থেকে আলাদাভাবে করা হচ্ছে।
হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন দুপুরে গাজীপুরের নুহাশ পল্লীতে এবং সাবেক স্ত্রী গুলতেকিন খান ও মা-ভাইরা সন্ধ্যায় ঢাকায় চেহলামের আয়োজন করেন।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবেক ভাওয়াল মির্জপুর ইউনিয়নের ৭-৮টি এতিমখানার দেড় থেকে দুইশ’ শিক্ষার্থী সকাল থেকে নুহাশ পল্লীতে কোরআন তেলাওয়াত শুরু করবে।
মিলাদ, দোয়া ও কবর জিয়ারতের পর দুপুরের খাবারের মধ্যদিয়ে চেহলাম শেষ হবে। এতে মেহের আফরোজ শাওন, তার মা তহুরা আলী, বাবা মোহাম্মদ আলীসহ বন্ধু-স্বজনরা যোগ দেবেন বলে জানান বুলবুল।
এদিকে ঢাকার বনানীতে (ডিওএইচএস) একটি কমিউনিটি সেন্টারে সন্ধ্যা সাড়ে ৬টায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হুমায়ূনের ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবিব।
তিনি জানান, এতে তাদের মা আয়েশা ফয়েজ, হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান, ছেলেমেয়ে, ভাই জাফর ইকবালসহ পরিবারের স্বজন-বন্ধুরা উপস্থিত থাকবেন।
জনপ্রিয় এই লেখক ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সে গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে মারা যান। পরে তাকে নিজ হাতে গড়া নুহাশ পল্লীতে দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৪ ঘ.
bdnews24