ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের পদত্যাগের গুঞ্জন নিয়ে বুধবার বিবৃতি দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী গত শনিবার বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতার সব বাধা-বিপত্তি কেটে যাচ্ছে বলে জানালেও সোমবার একধিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান শর্ত অনুযায়ী পদত্যাগে রাজি না হওয়ায় বিশ্ব ব্যাংকও অর্থায়ন করবে না।
পদত্যাগ করছেন কি না- এমন প্রশ্নের জবাবে মসিউর রহমান রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এ বিষয়ে সরকারের ভাষ্য আগে আসা উচিৎ। সরকারের ভাষ্য দেবেন অর্থমন্ত্রী। তবে আমি আমার অনুভূতি জানাতে পারি।”
এ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য রোববার থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাংবাদিকরা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে শেষে অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ের প্রবেশের মুখেই অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হতে হয় অর্থমন্ত্রীকে। কিন্তু তিনি না দাঁড়িয়ে কয়েকটি কথা বলে নিজ কক্ষে প্রবেশ করেন।
মশিউর রহমানের পদত্যাগ ও বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আই অ্যাম নট রেডি। এ বিষয়ে আমি স্টেইটমেন্ট দেব।”
পরে আবার বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের জানান, এই বিবৃতি পাওয়া যাবে বুধবার।
‘নানা কথা শোনা যাচ্ছে’- এমন মন্তব্য করে এক সাংবাদিক অর্থমন্ত্রীর বক্তব্য জানতে চাইলে মুহিত বলেন, “শুনতে থাকুন।”
গত বছর সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। তা পালন হয়নি- এমন অভিযোগে গত জুনে অর্থায়ন বাতিল করে তারা।
তবে অর্থায়ন বাতিলের পর এই প্রকল্প নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইনও ছুটিতে যান।
ঈদের ছুটির পর গুঞ্জন শুরু হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউরকে সরে দাঁড়াতে হচ্ছে। এ নিয়ে শনিবার কয়েকটি দৈনিক পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়।
রোববার রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনের ফটকে দাঁড়িয়ে পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর সাংবাদিকদের বলেন, “আমি পদত্যাগ করলে যদি ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের ঋণের সুরাহা হয় তাহলে আমি একবার কেন, দশবার পদত্যাগ করব। তবে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর সাক্ষ্য প্রমাণ দিতে হবে এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।”
“যদি সরকার ও প্রধানমন্ত্রী মনে করেন- বিশ্বস্ততার সঙ্গে কাজ করছি না, তাহলে পদত্যাগ করব,” যোগ করেন তিনি।
তার বিরুদ্ধে বিশ্বব্যাংকের কোনো অভিযোগ থাকলে তা প্রকাশ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিৎ বলেও তিনি মন্তব্য করেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, উপদেষ্টা মসিউর রহমান সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্ত্রিসভার বৈঠকের পর উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন বলেও জানা গেছে।
২৯০ কোটি ডলারে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বাকি অর্থের বেশিরভাগ দেওয়ার কথা এডিবি, আইডিবি ও জাইকার।
বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিল করলেও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপানি উন্নয়ন সংস্থা জাইকার চুক্তির মেয়াদ ৩১ অগাস্ট পর্যšন্ত বাড়ানো হয়েছে। ফলে এর মধ্যেই বিশ্ব ব্যাংকের সঙ্গে ফয়সালা করতে হবে সরকারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫২৫ ঘ.
bdnews24