২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা মামলা: সাক্ষ্য শেষে মীর্জা আযমের জেরা

পিলখানা হত্যা মামলায় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগ নেতা মীর্জা আযমের জবানবন্দি শেষে তাকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 05:29 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলায় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগ নেতা মীর্জা আযমের জবানবন্দি শেষে তাকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। সোমবার সকাল সাড়ে ৯টায় পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে অসমাপ্ত সাক্ষ্য দেওয়া শুরু করেন মীর্জা আযম। এর আগে গত ১৩ অগাস্ট নিজের জবানবন্দি উপস্থাপন শুরু করেন তিনি। সাক্ষ্য শেষে তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম। জেরা শেষ হয় বেলা সাড়ে ১২টায়। কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে আদালত আবার শুরু হলে বিজিবি’র ল্যান্স নায়েক আশরাফুল ইসলাম এবং সিপাহী মাহতাব জবানবন্দি দেন। আসামী পক্ষের আইনজীবিদের জেরা শেষে বিকাল তিনটায় আদালত আগামী ২৯ অগাস্ট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। জবানবন্দিতে মীর্জা আযম জানান, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় গোলোযোগের খবর শোনার পর প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ফোন পেয়ে তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় ছুটে যান। সেখানেই জানতে পারেন, পিলখানায় সৈনিকরা বিদ্রোহ করেছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। “প্রধানমন্ত্রীর বাসায় যাওয়ার পর সেখানে দেখতে পাই তিন বাহিনীর প্রধান ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলছেন।... বেলা ১টার দিকে প্রধানমন্ত্রীর নির্দেশে নানক ও আমি পিলখানার উদ্দেশে রওনা হয়ে আম্বালা গেস্ট হাউজ পর্যন্ত গিয়ে দেখতে পাই, সমগ্র এলাকা থমথমে। প্রচ- গোলাগুলির শব্দ শুনতে পাই।” মীর্জা আযম বলেন, ওই পরিস্থিতিতে ঝুঁকির মধ্যেও পুলিশের কাছ থেকে একটি হ্যান্ড মাইক নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে গোলাগুলি বন্ধের অনুরোধ করেন তিনি। একইসঙ্গে পিলখানার গেটের কাছে গিয়ে তাদের আলোচনায় বসে সমস্যা সমাধানের জন্য বলা হয়। “মাইকিং শুনে তারা অশ্লীল ভাষায় গালাগাল করে এবং আমাদের লক্ষ্য করে গুলি করে”, জবানবন্দিতে বলেন হুইপ মীর্জা আযম। পরে আবারো মাইকে তাদের শান্ত হওয়ার আহবান জানিয়ে বিদ্রোহী জওয়ানদের সঙ্গে কথা বলার জন্য একটি মোবাইল নম্বর জানানো হয়। সাদা পতাকা নিয়ে গেটের কাছে গেলেও জওয়ানরা বিভিন্নভাবে হুমকি দিতে থাকে এবং আলোচনার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীকে সেখানে যেতে বলে। বিদ্রোহীরা নিজেদের সেনাবহিনীর চেয়েও শক্তিশালী দাবি করে সচিবালায় ও বিশ্ব¦বিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলেও অজম সাক্ষ্যে উল্লেখ করেন। “পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসতে রাজি হয়। তাদের বিভিন্ন দাবি নিয়ে কথা বলে পরে ১২/১৪ জনের একটি দল নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে যমুনায় যাই”, বলেন আযম। হুইপ আদালতকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিদ্রোহী জওয়ানরা বলে যে, পিলখানার ভেতরে সবাই ভালো আছে। এ সময় তারা প্রধানমন্ত্রীর কাছে সাধারণ ক্ষমাও দাবি করে। প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ভেতরে থাকা কোনো কর্মকর্তার কোনো ক্ষতি না হলে সাধারণ ক্ষমা করা হবে। “ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে পিলখানায় ফেরার পর সব যোগাযোগ বন্ধ করে দেয় জওয়ানরা। প্রায় ২ ঘণ্টা পর কয়েকজন এসে জানায়, তারা জওয়ানদের আত্মসমর্পণে রাজি করাতে ব্যর্থ হয়েছে।” মীর্জা আযম জানান, পরে জওয়ানদের নতুন একটি প্রতিনিধি দল হোটেল আম্বালায় আইন প্রতিমন্ত্রীসহ কয়েকজনের সঙ্গে আলোচনায় বসে। এক পর্যায়ে তারা সেনা কর্মকর্তাদের মুক্তি দিতেও সম্মত হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীসহ কয়েকজন গিয়ে কয়েকজন কর্মকর্তাকে মুক্ত করে নিয়ে আসেন। “পরের দিন ২৬ ফেব্রুয়ারি সকাল ৮টায় সেখানে গিয়ে তাদের আত্মসর্মপণের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু দুপুর ২টা পর্যন্ত কোনো খবর না পেয়ে হতাশ হয়ে পড়ি”, বলেন তিনি। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানোর পর তিনি বেলা আড়াইটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এরপর মন্ত্রী ও সংসদ সদস্য গিয়ে আবারো আলোচনায় বসার ব্যবস্থা করেন। মীর্জা আযম জবানবন্দিতে জানান, বিকাল ৫টার দিকে সবাই পিলখানার ভেতরে গিয়ে ধংসস্তুপ আর লাশ পড়ে থাকতে দেখেন। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ওই দিন প্রায় ৩১০জন আত্মসমর্পণ করে। ২৭ ফেব্রুয়ারি অনেক লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে গিয়ে গণকবর থেকে লাশ উদ্ধার দেখতে পান বলেও হুইপ জানান। জেরায় এক প্রশ্নের জবাবে সংসদের হুইপ জানান, তিনি ২৫ ফেব্রুয়ারি পিলখানায় গিয়ে পিলখানার বাইরে একজন সৈনিক ও একজন রিক্সাচালকের নিহত হওয়ার খবর পান। তবে প্রধানমন্ত্রীকে তা অবহিত করেননি বলে জানান। নানকসহ তিনি পিলখানায় যাওয়ার আগে তিন বাহিনীর প্রধান, পুলিশ বা র‌্যাবের সঙ্গে নিরাপত্তা নিয়ে কোনো পরামর্শও করেননি বলে জেরার জবাবে জানান আযম। জেরা শেষ হওয়ার পর আযম আদালতের বাইরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, সাংবাদিকদের মাধ্যমে তিনি নিহত হওয়ার খবর পান। তাছাড়া এই বিষয়টি সবাই জানে। আর এ কারণেই প্রধানমন্ত্রীকে তা জানানোর প্রয়োজন মনে করেননি তিনি। জীবনের ঝুঁকি নিয়ে সেদিন তিনি এবং নানক সেখানে গিয়েছিলেন। পিলখানার ভেতরে স্বরাষ্ট্র মন্ত্রী, আইন প্রতিমন্ত্রী ও পুলিশের আইজি গেলেও তিনি যাননি কেন- এমন প্রশ্নের জবাবে আযম জানান, তাদের শুধু দায়িত্ব ছিলো প্রধানমন্ত্রীর সাথে বিদ্রোহীদের বৈঠকের ব্যবস্থা করা। বাকিদের বিভিন্ন দায়িত্ব ছিলো। এ প্রসঙ্গে তিনি বলেন, “পরবর্তীতে আম্বালা সুইটস্ এ আলোচনার সময় বিদ্রোহীদের ধমক দেওয়া হয়েছিলো। তারা এ করণে ক্ষিপ্ত ছিলো। নিরাপত্তার কথা ভেবে সেসময় পিলখানর ভেতরে যাওয়া হয়নি।” তিনি জানান, আলোচনার মাধ্যমে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হয়েছে। আদালতে জেরার সময় আযম জানান, যমুনায় নিয়ে যাওয়ার সময় গাড়িতে বিদ্রোহীদের সঙ্গে তার কোনো কথা হয়নি। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় মীর্জা আযম এবং জাহাঙ্গীর কবির নানকের কর্মতৎপরতা ছাড়া পুলিশ, র‌্যাবের কোনো অভিযান হয়েছে কি না প্রশ্ন করা হলে এর জবাবে আযম বলেন- ‘হয়নি’। হতাহতের খবর জানার পরও ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ তা প্রধানমন্ত্রীকে না জানিয়ে গোপন করে গেছেন- আসামীপক্ষের আইনজীবির এই অভিযোগের জবাবে আযম বলেন, ‘সত্য নয়’। নানকের ফোন পেয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার পর সেখানে তিন বাহিনীর প্রধানকে দেখতে পান- জবানবন্দিতে দেওয়া এই বক্তব্যর বিষয়ে জেরার সময় আযম জানান, প্রধানমন্ত্রীর বাসায় যাওয়ার পর নয় সেখান থেকে বিশেষ দায়িত্ব পেয়ে পিলখানায় আসার সময় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে তার দেখা হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এইচএ/১৭৪০ ঘ.