ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট রাজ্যে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার রাতে ইস্ট হার্টফোর্ডে নিহত বেলাল তরফদার একটি দোকানে কাজ করতেন বলে এনবিসি টেলিভিশনের খবরে বলা হয়েছে।
গত পাঁচ বছর ধরে সার্কেল সি ফুড মার্টে চাকরিরত বেলালের (৪৭) বাড়ি মৌলভীবাজারে।
হার্টফোর্ড পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে ওই দোকানে ডাকাত দল হানা দিয়েছিল। তখন ডাকাতের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান করণিক বেলাল।
ওই এলাকায় সার্কেল সি ফুড মার্ট ছাড়াও আরো দুটি দোকান রয়েছে। ওই সব দোকানে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, আনুমানিক ৩০ বছর বয়সি খুনি গাঢ় রঙের শার্ট পড়া ছিল। তার পরনে ছিল হালকা রঙের শর্টস এবং মাথায় ছিল হ্যাট।
খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে এনবিসি টেলিভিশন জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০০১৭ ঘ.
bdnews24