লিটন হায়দার
অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনি শনাক্তে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানোর পর এবার বিভিন্ন অপরাধে অভিযুক্তদের ডিএনএ সংগ্রহ করছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে পাঠানো নমুনা থেকে কয়েকজনের ডিএনএ পাওয়া গেছে। প্রতিবেদন পাওয়ার পর সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করে তা মিলিয়ে দেখা হবে। কারো সঙ্গে মিলে গেলে তখনই বলা সম্ভব হত্যাকা-ে তার সম্পৃক্ততা থাকতে পারে।”
ডিএনএ ছাড়াও আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে তদন্ত চলছে বলে জানান সোহায়েল। তবে প্রতিবেদন পেতে অপেক্ষা করতে হবে আগামী মাস পর্যন্ত।
র্যাবের এই কর্মকর্তা বলেন, “সব কিছু একত্রিত করার পর বলা যাবে তদন্ত কোন পর্যায়ে গেছে। প্রতিবেদন আগামী মাসের শেষের দিকে পাওয়ার আশা করা হচ্ছে।”
গত ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
এই হত্যাকাণ্ড তদন্তে গোয়েন্দা পুলিশ দায়িত্ব নিলেও তারা ব্যর্থ হওয়ায় দুই মাস আগে উচ্চ আদালত র্যাবকে তদন্তের দায়িত্ব ি দেয়।
এদিকে যুক্তরাষ্ট্রের দুই পরীক্ষাগারের চাহিদা অনুযায়ী সাগর-রুনির একমাত্র সন্তান মাহিদ সরওয়ার মেঘের ডিএনএ নমুনা (সোয়াব) সোমবার সংগ্রহ করবে র্যাব।
এরপরেই তা যুক্তরাষ্ট্রে পাঠানো হবে বলে জানিয়েছেন এম সোহায়েল।
সোহায়েল বলেন, “সাগর রুনী হত্যা মামলার রহস্য উদঘাটনে তাদের পরনের কাপড়, চুল, চাকুসহ বিভিন্ন বস্তু প্রায় দুই মাস আগে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। গত সপ্তাহে তারা মেঘের সোয়াব পাঠানোর জন্য অনুরোধ করে। তাদের অনুরোধের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
ডাক্তার নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যাকা-ের সঙ্গে সাংবাদিক দম্পত্তি খুনের কিছুটা মিল পাওয়া গেছে বলে দাবি করেছেন গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) মোল্লা নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রিল কেটে নিতাইর বাসায় ঢুকে তাকে খুন করা হয়েছে। তার বাসা থেকে মালামালও লুট হয়েছে। সাগর রুনির বাসায়ও গ্রিল কাটার প্রমাণ পাওয়া গেছে।
এ ক্ষেত্রে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মোল্লা নজরুল।
নিতাই হত্যার ঘটনায় গোয়েন্দা পুলিশ ৪ জনকে এবং র্যাব একজনকে গ্রেপ্তার করে। তারা হচ্ছেন পেদা মাসুদ (২৮), সাইদুল (৩৮), পিচ্চি কালাম (৩৫) ও ফয়সাল (৩২)। এ ছাড়া র্যাব কামাল নামে আরো একজনকে গ্রেপ্তার করে।
কামালের গ্রেপ্তার প্রসঙ্গে এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামাল পেশাদার গ্রিলকাটা চোর। তার বাসা রাজাবাজারের সাগর-রুনির বাসার কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এমআই/২১২৯ ঘ.
bdnews24