কুমিল্লা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মিরপুরে একটি সেতু সংস্কারের কারণে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-সিলেট আঞ্চলিক সড়ক সোমবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে।
তবে এই সময়ে বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল করতে পারবে বলে জানায় সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।
সওজ কুমিল্লা জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুদিনের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু মেরামতের কাজ শুরু হবে। এ সময় ঢাকা-চট্টগ্রাম সড়কে চলাচলকারী সকল যানবাহন বিকল্প সড়ক হিসাবে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-সিলেট সড়ক ব্যবহার করবে।
তিনি জানান, এ সড়কের কুমিল্লা অংশের ৪০ কিলোমিটারে পাঁচটি সেতু ও ব্রাহ্মণবাড়িয়া অংশের ৪২ কিলোমিটারে তিনটি সেতু সংস্কারের কাজ করতে হচ্ছে।
“সংস্কার কাজের অংশ হিসেবে মিরপুরের সেতুতে দুই লেনের কাজ শুরু হবে। ফলে সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সড়কে যান চলাচল বন্ধ থাকবে,” যোগ করেন প্রকৌশলী।
মিরপুরের সেতুতে সংস্কার চলার সময় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-সিলেট রোডে চলাচলকারী যানবাহনগুলো দুটি বিকল্প পথে চলাচল করবে বলে জানান হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকল্প সড়ক হিসেবে ভারী যানবাহন কাঁচপুর হয়ে এবং হালকা যানবাহন ফকির বাজার-কসবা সড়ক ব্যবহার করবে।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ফোর্স কাজ করবে বলে জানান রেজাউল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১১২২ ঘ.
bdnews24