ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান রোববার হেফাজত মঞ্জুর করেন।
বৃহস্পতিবার ভোররাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক ভবনে খুন হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য নারায়ণ দত্ত।
হত্যাকাণ্ডের দুদিনের মাথায় চারজনকে গ্রেপ্তার করে শনিবার বিকালে সাংবাদিকদের সামনে হাজির করে গোয়েন্দা পুলিশ। এরা হলেন- ফয়সল (৩২), পেদা মাসুদ (২৮), সাইদুল (৩৮) ও পিচ্চি কালাম (৩৫)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান রোববার ওই চার জনকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজত চান।
রিমান্ড আবেদনে বলা হয়, হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, খোয়া যাওয়া পাঁচ লাখ টাকা এবং কারা ওই হত্যাকাণ্ডে জড়িত ছিল- তা জানার জন্য আসামিদের ১০ দিনের হেফাজতে নেওয়া জরুরি।
শুনানি শেষে আদালত পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আনিসুর রহমান।
নিতাই হত্যায় জড়িত সন্দেহে কামাল নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/জেকে/১৬৫২ ঘ.
bdnews24