রংপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘অশ্লীল নৃত্যের’ প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আজিবর রহমান (৪০) গঙ্গারামপুর গ্রামের প্রয়াত আসাব উদ্দিনের ছেলে।
শনিবার রাতে গুরুতর আহত আজিবরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ মোকসেদ আলী (২৩), কাইয়ুম (২৫) ও রশিদুল ইসলাম (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের সবার বাড়ি লাহিড়ীর হাট গ্রামে।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে এলাকাবাসি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে শনিবার সন্ধ্যায় শহরতলীর লাহিড়ীর হাট মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।
অনুষ্ঠানে ‘অশ্লীল নৃত্য’ প্রদর্শন করার প্রতিবাদ করায় আজিবর রহমানকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। রোববার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আচিবরের বড় ভাই পিয়ারুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪২ ঘ.
bdnews24