২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ী দিবস: চুক্তি বাস্তবায়নের দাবি জাতীয় কমিটির

এ বছরের মধ্যে ছয় দফা ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলন গড়ার ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

দিনাজপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরের মধ্যে ছয় দফা ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলন গড়ার ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। ফুলবাড়ি ট্রাজেডি দিবস উপলক্ষে রোববার সকাল ১১টায় ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহিদুল্লাহ। এর আগে ফুলবাড়ী দিবস উপলক্ষে একটি মিছিল বের করে এবং ফুলবাড়ি রক্ষা আন্দোলনে নিহতদের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করে তারা। সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ফুলবাড়ি কলেজ মাঠে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দলীয় সরকারকে ছয় দফা চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেছিলেন, ‘দাবি না মানলে সরকারের জন্য শুভ হবে না।’ “আমরাও বর্তমান সরকারকে সেই কথাটিই স্মরণ করিয়ে দিলাম।” ২০০৬ সালের ২৬ অগাস্ট কয়লা খনি প্রকল্প বাতিল এবং এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির মিছিল-সমাবেশে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন তিনজন। ওই ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়লে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে চুক্তি করে পরিস্থিতি শান্ত করে। চুক্তিতে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি উন্মুক্ত পদ্ধতিতে খনন না করার কথাও বলা হয়। ৬ দফা চুক্তির মধ্যে আরো ছিল- এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার, নিহতদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ, গুলিবর্ষণকারীদের শাস্তি দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার। এ দিবস উপলক্ষে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলবাড়ি শহরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া ফুলবাড়িতে এশিয়া এনার্জির দু’টি স্থাপনায় দাঙ্গা পুলিশসহ শহরের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৭ ঘ.